কাশ্মিরে বোমা বিস্ফোরণে নিহত ৯, আহত ৫০
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলবামা শহরের একটি স্কুলের পাশে সোমবার বেলা বারোটার দিকে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ওই স্কুলের ছাত্রছাত্রীও রয়েছে বলে বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে স্কুল ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে কারা এ বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সে সম্পর্কে নিশ্চিতভাবে কোনও কিছু জানা সম্ভব হয়নি।
কাশ্মির সমস্যার দ্রুত সমাধানে পাকিস্তান যখন আশাবাদী ঠিক তখনই শক্তিশালী এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
