চাইনীজ ক্যালেন্ডারের নিয়ম ভেঙে বিয়ে করছেন মার্কিনী-চীনারা
আমেরিকার চায়নাটাউনের তরুণ-তরুনীদের মধ্যে এখন বইছে ভালোবাসার সুবাতাস,যদিও চীনা প্রাচীনপন্থী লোকবিশ্বাস অনুযায়ী এ বছরটা বিয়ের জন্য উপযুক্ত নয়। কিন্তু প্রেম করতে বা ঘর বাঁধতে গিয়ে এসব কুসংস্কার এখন মানছেন না অনেকেই।
চীনের প্রাচীনপন্থিরা বিয়ের ক্ষেত্রে এ বছরটাকে ‘অপয়া’ বলেই মনে করছেন। তাদের মতে এ সময়টা বিয়ের উপযুক্ত নয়। চাইনীজ ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারীতে শুরু হওয়া রুস্টার বছরে ‘লিচুন’ অনুপস্থিত। প্রথাগতভাবে লিচুন বসন্তের সূচনাকে বোঝায়।
চীনা লোকবিশ্বাস অনুযায়ী, যে বছরের ক্যালেন্ডারে লিচুন বা বসন্ত থাকে না, তাকে বলা হয় বিধবা বছর। ফলে এ সময়ে বিয়ে করাটা ঝুঁকিপূর্ণ।
তারপরেও হাজার হাজার যুগল সরকারী অফিসে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন। এক্ষেত্রে তারা হাজার বছরের পুরোনো কুসংস্কার ভাঙ্গতে একটুও দ্বিধা করছেন না।
ভালোবাসতে গিয়ে অনেক জুটিই এখন প্রথা ভাঙছেন। ঠিক যেমনটি করেছেন সুজান ঝেং এবং মিং চেন। তারা বিয়ের ব্যাপারটিকে অন্যভাবে দেখেন। আমেরিকাতে বসবাসরত এই জুটি আসছে আগস্ট মাসে বিয়ের পরিকল্পনা করেছেন।
আধুনিক মানসিকতার অধিকারী সুজান ও মিং প্রাচীন ক্যলেন্ডারকে নয়, বরং চমৎকার আবহাওয়া ও বিয়েতে নিমন্ত্রিত আত্মীয়দের সময় সুযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আগস্ট মাসে তাদের কাজের চাপ কম থাকায় এ সময়টাকেই বিয়ের উপযুক্ত সময় বলে মনে করছেন তারা।
