ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মোবাইলে কলের বন্যা!
ইন্দোনেশিয়ার প্রথম সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট জনগণের সাহচর্যে যাওয়ার উদ্দেশ্যে সপ্তাহের শেষ দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর প্রকাশ করার পর রীতিমত বিপত্তি ঘটে গেছে। ইতোমধ্যেই হাজার হাজার মোবাইল কল প্রেসিডেন্টের নম্বরটিকে বিপর্যস্ত করে ফেলেছে।
প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধুনু শনিবার তার নিজের মোবাইল নম্বর প্রকাশ করে জনগণের অভাব অভিযোগ সরাসরি জানানোর ঘোষণা দেন।
সোমবারের মধ্যে ইন্দোনেশিয়ার পত্রপত্রিকায় মোবাইল কল নিয়ে রীতিমত গল্প জমে উঠে। অভিযোগকারী জনগণ জানিয়েছে, মোবাইল ফোন ব্যস্ত থাকার কারণে কেউ-ই তাদের অভিযোগ প্রেসিডেন্টকে জানাতে পারেননি। স্থানীয় পত্রপত্রিকাগুলো জানিয়েছে, সোমবার পর্যন্ত ওই নম্বরে কমপক্ষে ৩০ হাজার কল এসেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রেসিডেন্টের মুখপাত্র অ্যান্দি মেলারেঙ্গেং বলেন, “প্রেসিডেন্টের নম্বরটি বর্তমানে অত্যধিক কলে ভারাক্রান্ত এবং ব্যবহার করা যাচ্ছে না। প্রেসিডেন্ট এর মধ্যেই আরও পাঁচটি মোবাইল নম্বরের ঘোষণা দিয়েছেন এবং কম্পিউটারাইজড পদ্ধতির মাধ্যমে কল বাছাই করা হবে।”
তবে প্রেসিডেন্ট কোনও মোবাইল ফোনের জবাব দিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।
ইন্দোনেশিয়ার সাবেক সামরিক কর্মকর্তা ইউধুনু গত বছর প্রথম সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি ইন্দোনেশিয়ার জনগণের মধ্যে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেন।
গত মার্চ মার্সের এক জরিপে দেখা গেছে, শতকরা ৯২ ভাগ জনগণের মধ্যে প্রেসিডেন্ট সম্পর্কে ‘গুড ইমপ্রেশন’ রয়েছে এবং ৫৭ ভাগ লোক তার প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট।
