২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার বছরের পুরনো বীজ থেকে জন্মালো খেজুর গাছ!

ইসরাইলি বিজ্ঞানীরা বলেছেন, তারা ২ হাজার বছরের একটি অতি প্রাচীন খেজুর বীজ থেকে খেজুর গাছ জন্মাতে সক্ষম হয়েছেন। মাদাসায় একটি পর্বত খননকালে খেজুরের ওই বীজটি পাওয়া যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিজ্ঞানীরা জানান, বীজটি ২ হাজার বছরের পুরনো হলেও অঙ্কুরোদগমে সক্ষম ছিল। জেরুজালেমের বিজ্ঞানীরা উদ্ভাবিত খেজুর গাছটির নাম রেখেছেন ‘মেথুসালেহ।’ বাইবেলের একটি পৌরাণিক চরিত্র যিনি ১ হাজার বছর জীবিত ছিলেন বলে জনশ্রুতি আছে তার নামেই গাছটির নামকরণ করা হয়।

বিজ্ঞানীরা বলেছেন, এধরনের খেজুর গাছ মধ্যযুগে দেখা যেত এবং সেটি ভেষজ গুণের জন্য খ্যাত ছিল।

লুইস বরিক ন্যাচারাল মেডিসিন গবেষণা কেন্দ্রের গবেষক সারাহ সালোন বলেন, “পুরাতন ওষুধি গুণসম্পন্ন এসব খেজুর গাছ ওষুধ অথবা কাঠের জন্য কেটে ফেললে পৃথিবী থেকে ব্যাপক হারে বিলীন হয়ে যায়।”

তিনি আরও বলেন, “আমরা ঔষধি খেজুর গাছ নিয়ে গবেষণা করেছি। আমরা বিশ্বাস করি প্রাচীন আমলের ঔষধি গাছ ভবিষ্যতের জন্য ওষুধ হিসেবে অবশ্যই কাজে আসবে।”