লেবাননে নির্বাচন: সিরিয়া বিরোধী নেতারা হতাশ
লেবাননে সিরীয় সৈন্যদের অনুপস্থিতিতে প্রথমবারের মত অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা না হলেও সিরীয়পন্থীরা ইতোমধ্যেই তাদের বিজয়ের ব্যাপারে নিশ্চিত।
লেবাননের রাস্তায় এখন চলছে সিরিয়াপন্থীদের বিজয় উল্লাস। অপরদিকে হতাশ হয়েছেন সিরিয়া বিরোধী নেতারা। রোববার চার পর্যায়ের সংসদীয় নির্বাচনের তৃতীয় পর্যায় সম্পন্ন হয়েছে।
বিরোধীরা কেবল হতাশই নন, তারা এক অপরকে দায়ী করতেও শুরু করেছেন। সিরিয়া বিরোধী নেতা ওয়ালিদ জুমব্লাত সাবেক সামরিক অধিনায়ক মিশেল আউনের জয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ইনি আগে বিরোধী শিবিরেই ছিলেন, কিন্তু হালে সিরিয়াপন্থীদের সাথে হাত মিলিয়েছেন এবং বিরোধীদের ঐক্যে চিড় ধরিয়েছেন।
জুমব্লাতের হতাশা ব্যক্ত করার কারণ আছে। আউন যে ক’টি আসন পাবেন সেগুলো সিরিয়াবিরোধীদের উপকারে আসবে না বরং সংখ্যাগরিষ্ঠতার যে আশা বিরোধীরা করেছিল তা ভেস্তে গেল। জুমব্লাতের আশংকা আউনের বিজয়ের ফলে সিরিয়াপন্থী রাষ্ট্রপতি এমিল লাহুদকে অপসারণের যে উদ্যোগ বিরোধীরা নেবে বলে আশা করছিল তাতে নির্ঘাত ছেদ পড়বে। জুমব্লাতের অভিযোগ ১৪ বছর নির্বাসনে থাকা আউনকে সিরিয়াই দেশে ফিরিয়ে এনেছে এবং ‘নির্বাচনী খেল’ দেখিয়েছে। জুমব্লাত বলেন, ‘এটা সত্য আউন জিতেছেন। কিন্তু তিনি তো সিরিয়ার হাতের সামান্য খুঁটি মাত্র।’
এদিকে আউন তার মন্তব্যে বলেন, তিনি নবগঠিত সংসদে অন্যান্য বিরোধীদের সাথে কথা বলবেন। আউন আরও বলেন, তিনি দুর্নীতি বিরোধী প্রচারণায় অংশগ্রহণ এবং নতুন নির্বাচনী আইনের ব্যাপারে কাজ করা ছাড়াও চার বছর মেয়াদী সংসদের মেয়াদ আরও কমিয়ে আনা এবং সরকারকে অর্থনৈতিক নিরীক্ষণ করায় চাপ দেবে।
