ভারতীয় বিমানের প্রথম মহিলা প্রধান হলেন সুষমা
ভারতীয় বিমান পরিবহন সংস্থার শীর্ষ পদে, এই প্রথমবারের মত, নিয়োগ পেয়েছেন একজন মহিলা।
ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ তার একজন সহকারী ব্যবস্থাপনা পরিচালক সুষমা চাওলাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছে।
ইন্ডিয়ান এয়ারলাইন্স সূত্র জানায়, রবিবার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি পূর্বতন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুনিল আরোরা’র স্থলাভিষিক্ত হলেন। সুনিল পাঁচ বছর ওই পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে সুষমা একজন নির্বাহী হিসেবে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগদান করেন এবং ১৯৯৬ সালে ওই প্রতিষ্ঠানের প্রথম মহিলা পরিচালক পদে উন্নীত হন।
তিনি এয়ারলাইন্সটির আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের দক্ষিণাঞ্চলেও কাজ করেন। ২০০৪ সালের সেপ্টেম্বরে সহকারী ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হওয়ার আগে তিনি অর্থ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
