২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতন মামলায় জ্যাকসনের অব্যাহতি লাভ

পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে দায়েরকৃত মামলার শুনানির চারমাস পর আদালত তাকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মধ্য ক্যালিফোর্নিয়ার এক আদালতে জুরি বোর্ড পপ তারকা মাইকেল জ্যাকসনকে শিশু নির্যাতনের চারটি, নির্যাতনের উদ্যোগ নেওয়ার একটি এবং এক শিশুকে মদ্যপানে বাধ্য করার চারটি অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

এছাড়াও তাকে শিশু অপহরণের ষড়যন্ত্র, জোরপূর্বক আটক করা এবং বল প্রয়োগ করা সংক্রান্ত অভিযোগ থেকে আদালত খালাস দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আদালত ছাড়ার সময় জ্যাকসনকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আদালত প্রাঙ্গণে সমবেত ভক্তদের হাত নেড়ে অভিনন্দন জানান। পরে তার সহকারীরা তাকে একটি কালো গাড়িতে করে অন্যত্র নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে জ্যাকসন এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

সান্তা মারিয়ার আদালত যখন তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার রায় ঘোষণা করে তখন সে খবর সারাবিশ্বে সরাসরি সম্প্রচারিত হয়।

উল্লেখ্য, দুবছর আগে নেভারল্যান্ডে তার বাড়িতে ১৩ বছর বয়সী এক শিশুর ওপর দু’বার যৌন নির্যাতন চালানোর অভিযোগ তোলা হয়েছিল জ্যাকসনের বিরুদ্ধে।

১২ সদস্যের জুরি বোর্ড প্রবল যুক্তিতর্ক শুনে ও প্রমাণাদি যাচাই করে এ রায় দেন।