ধূমপান ও অতিরিক্ত ওজনই বুড়িয়ে যাওয়ার কারণ
ধূমপান ও মেদবাহুল্য মানুষের বয়স খুব দ্রুত বাড়িয়ে দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকরা এক গবেষণায় দেখিয়েছেন, অধূমপায়ী ও অপেক্ষাকৃত কম ওজনের মানুষের চেহারায় বয়সের ছাপ অনেক দেরিতে পড়ে।
ধূমপান করলে চার দশমিক ছয় বছরের মধ্যে ডিএনএ-তে বয়স বাড়ার ছাপ পড়ে। আর মেদবাহুল্যের ফলে বয়সের ছাপ পড়ে নয় বছরের মধ্যে। সেইসাথে এই দুই কারণে বয়সজনিত নানা রোগও সৃষ্টি হয়।
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গবেষক প্রফেসর স্পেক্টর ও তার দল ডিএনএ-র উপাদান টেলোমেরের পরিধি কমার সাথে বার্ধক্য সৃষ্টির সম্পর্কটি খতিয়ে দেখছেন।
বিশেষজ্ঞরা ১৮ থেকে ৭৬ বছর বয়েসী ১১৯ জন স্থুলকায়, ২০৩ জন ধূমপায়ী এবং ৩৬৯ জন সাবেক ধূমপায়ী মহিলার রক্তের নমুনা পরীক্ষা করে দেখেছেন, বয়সের সাথে সাথে টেলোমেরের পরিধি কমে আসতে থাকে। দেখা গেছে মেদবহুল ও ধূমপায়ী মহিলাদের টেলোমেরের পরিধি, অপেক্ষাকৃত হালকা গড়নের এবং কখনো ধূমপান করেননি এমন মহিলাদের তুলনায় অনেক ছোট থাকে।
প্রতিদিন যে পরিমাণ সিগারেট খাওয়া হয়, তার সাথে ধূমপানের সময় বা বছর গুণ করলে যা দাঁড়ায় তা টেলোমেরের বার্ষিক গড় সংক্ষিপ্তকরণের সময় অতিরিক্ত ১৮ শতাংশ কমিয়ে দেয়। যেসব মহিলা ৪০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেয়েছেন, তাদের দেখলে মসে হবে তাদের বয়স নির্ধারিত বয়সের চেয়ে সাত দশমিক চার বছর বেশি।
তামাক মানব দেহের জন্য বিষতুল্য। এটি দেহের কোষকে প্রভাবিত করে। আবার অতিরিক্ত ওজন দেহের রাসায়নিক যৌগসমূহের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে দেহে বয়সের ছাপ দ্রুত পড়ে।
