২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৩ সালের চেয়ে খুব একটা নিরাপদে নেই ইরাক: রামসফেল্ড

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড স্বীকার করেছেন যে, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ২০০৩ সালে যা ছিল তার তুলনায় মোটেও উন্নত হয়নি। বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তিনি বলেন, ইরান, সিরিয়া ও পাশ্ববর্তী অন্যান্য দেশ থেকে সীমান্ত পথে বিদ্রোহীরা ইরাকে ঢুকছে। তবে ইরাকি সামরিক বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে এবং এ বাহিনী বিদ্রোহ ও বিদ্রোহী দমাতে তাদের ওপর অর্পিত দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করতে পারবে।

এদিকে মঙ্গলবারও ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে এক আত্মঘাতি বোমা বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে।

ছয় সপ্তাহ আগে ইব্রাহীম জাফরীর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আরোহনের পর ৯০০ এরও বেশি লোক বিদ্রোহী হামলায় নিহত হয়।

রামসফেল্ড বলেন, ইরাকে নির্বাচন ও সরকার নিয়োগের মত ঘটনা ঘটলেও এর নিরাপত্তা অবস্থা আগের মতই রয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরাক সরকার একযোগে কাজ করে যাওয়ায় অবস্থার ক্রমোন্নতি ঘটছে।

বিদ্রোহী দমনের পরিবর্তে বর্তমানে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সাহায্য করার নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। রামসফেল্ড আরও বলেন, চলমান বিদ্রোহ কোয়ালিশনের দ্বারা নয়, বরং ইরাকি জনগণ এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর দ্বারাই প্রতিহত করা হবে।

বিদ্রোহ দমনে সিরিয়া তেমন কার্যকরী ভূমিকা রাখছে না বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ইরান ইরাকের রাজনীতিতে অনধিকার চর্চা করছে।