ইইউ শীর্ষ সম্মেলন: ব্রিটেন চায় বিধি-বিধানের পরিবর্তন
ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে ব্রিটেন অন্য কিছু ভাবছে। বিটেন ইইউ’র বিধি-বিধানে পরিবর্তন আনার কথা বলছে। কারণ পালাক্রমে পরবর্তী ইইউ প্রেসিডেন্ট হবে ব্রিটেন। সমস্যাগ্রস্ত ইইউ পরিচালনায় তার বেশ হিমশিম খেতে হবে এ কথা ভেবেই ব্রিটেন ওই পরিবর্তনের কথা ভাবছে।
এই ’অন্য কিছু’র ভাবনা নিয়েই ইউরোপের চারটি দেশ সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ব্রাসেলসে। ব্লেয়ারের এ সফর ইইউ এবং তার সমস্যা ও সম্ভাবনাকে ঘিরেই।
সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী ৬-৮জুলাই শিল্পোন্নত দেশের সংগঠন জি-৮ সম্মেলনে রাশিয়ার আরও কার্যকর ভূমিকা নিয়ে আলাপ আলোচনা করেন। এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টনি ব্লেয়ারের সাথে বিশ্বে গণতন্ত্রের প্রসার, মানবাধিকার সংরক্ষণ এবং বিনিয়োগকারীদের পরিবেশ উন্নত করার ব্যাপারে একমত পোষণ করেন।
রাশিয়ার সরকার টনি ব্লেয়ারকে নিশ্চয়তা দেয় যে, তারা ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আফগানিস্তান ও ইরাকে গণতন্ত্রের জন্য কাজ করবেন।
পরে ব্লেয়ার মস্কো হয়ে বার্লিন ও প্যারিসে যান। মঙ্গলবার প্যারিসে তিনি ইইউ প্রসঙ্গে ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে আলাপ করেন। কিন্তু ইইউ বাজেটের ব্যাপারে প্রকট মতানৈক্য রয়েই গেছে। ব্রিটেন ঋণ-ছাড়ের ব্যাপারে রাজি নয়।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিটি ইউরোপীয় কমিশন (ইসি) পরবর্তী সাত বছরের জন্য ৯৯৪ বিলিয়ন ইউরোর বাজেট প্রণয়নের প্রস্তাব করেছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য সাহায্যের বিষয়টি আলাদা রাখা হয়েছে।
লুক্সেমবার্গের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত বাজেটকে ৮৭০ বিলিয়ন ইউরোর মধ্যে কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। তিনি ব্রিটেনের ঋণ-ছাড় দেয়ার ব্যাপারেও সোচ্চার।
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান ছয়টি দেশ অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং নেদারল্যান্ড। তারা ইইউ’র মোট জাতীয় উৎপাদনের শতকরা ১ ভাগের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজেটকে সীমিত রাখার কথা বলেছে।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের নতুন ১০টি দেশ আশা করছে, তাদের সহায়তা প্রাপ্তি যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে।
কৃষি ভর্তুকিও একটি বড় সমস্যা। শিরাকের সাথে আলোচনার সময় ব্লেয়ার ভর্তুকি কাটছাটের ব্যাপারে কথা বলেছেন। ফ্রান্স আবার এ বিষয়ে কাটছাট চায় না। ব্লেয়ার বলেছেন, ৪০ শতাংশ কৃষি ভর্তুকি দেয়ার কোনও মানে নেই, তারচেয়ে বরং গবেষণা, প্রযুক্তি, বিজ্ঞান ও উন্নয়ন খাতে মনোনিবেশ করা উচিত।
