শ্রীলঙ্কায় কোয়ালিশন সরকার ত্যাগ করেছে জেভিপি
শ্রীলঙ্কার সুনামি উপদ্রুত এলাকায় বিদ্রোহী তামিল টাইগারদের সাথে একযোগে ত্রাণ সহায়তা প্রদানের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মার্কসবাদী একটি দল কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে ক্ষমতাসীন দল।
সিংহল-ন্যাশনালিস্ট পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) এর আগে সরকারকে এই বলে সতর্ক করে দেয় যে,
প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা তার সুনামি ত্রাণ পরিকল্পনা বাতিল না করলে জেভিপি সরকার ত্যাগ করবে।
এরপর বৃহস্পতিবার ভোররাতে জেভিপি কোয়ালিশন ত্যাগের ঘোষণা দেয়।
শ্রীলংকার সংসদে ২২৫টি আসনের মধ্যে ৩৯টিই ছিল জেভিপি’র । এখন মাত্র ৮১টি আসন ধরে রেখেছে সরকারি দল। ফলে যে কোন আইন পাসের জন্য কুমারাতুঙ্গাকে অন্যান্য দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।
উল্লেখ্য, তামিল টাইগার দল গত দু’দশক ধরে পৃথক ভূখন্ডের দাবীতে বিদ্রোহ করে আসছে। জেভিপি মনে করছে, এই ত্রাণ চুক্তি তামিলদেরকে নিজস্ব রাষ্ট্র গড়তে সাহায্য করবে। ওদিকে চন্দ্রিকা মনে করেন, এই চুক্তি তামিলদের সাথে শ্রীলংকার শান্তি প্রক্রিয়াকে সহজ করবে।
