২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র ব্যক্তিদের হাতে কম্বোডিয়ার একটি স্কুলে ৪০ জন জিম্মি

কম্বোডিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র-শিক্ষকদের বন্দুকধারীরা জিম্মি করে রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আটককৃত ৪০ জনের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছে। পর্যটন কেন্দ্র অ্যাংকর ওয়াতের কাছে সিয়াম রিপের একটি স্কুলে ছয় অস্ত্রধারী এ কান্ড ঘটায়। জিম্মিকারীরা নগদ এক হাজার ডলার, অস্ত্র এবং পালিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার কম্বোডিয়ার পুলিশ একথা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

একজন পুলিশ কর্মকর্তা জানান, একটা সমাধানে পৌঁছার জন্য তারা অস্ত্রধারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। বন্দুকধারীরা স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় স্বুল ভবনটির দখল নেয়।

জিম্মিকারীরা নগদ টাকা, ছয়টি একে-৪৭, ছয়টি শটগান, হ্যান্ড গ্রেনেড এবং একটি গাড়ি দাবি করেছে।

একজন সরকারি কর্মকর্তা জানান, বন্দুকধারীরা প্রথমে ৭০ জনকে জিম্মি করলেও পরে কয়েকজনকে তারা মুক্তি দিয়েছে।

কমপং থম প্রদেশের ডেপুটি মিলিটারি কমান্ডার চিয়াং সোখন বলেন, “সিয়াম রিপের সেনাবাহিনী স্কুলটির চারদিক ঘিরে রেখেছে কিন্তু জিম্মিকারীরা ছাত্র ও শিক্ষকদের মাঝে লুকিয়ে রয়েছে।”

যাদেরকে জিম্মি করা হয়েছে তাদের বয়স এবং কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়। তবে এদের মাঝে ৪ বছরের শিশু ছাত্রও রয়েছে।

সম্প্রতি সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কম্বোডিয়ায় নিষিদ্ধ ঘোষিত কম্বোডিয়ান ফ্রিডম ফাইটার নেতাকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে।

জিম্মিকারীরা কোনও গ্রুপের সদস্য কিনা তা এখনও প্রকাশ করেনি। কম্বোডিয়ায় সন্ত্রাসী কর্মকান্ড সাধারণত খুব কমই সংঘটিত হয়।