ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গণনা শুরু
ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর এটি সে দেশের সবচে আলোচিত নির্বাচন। ভোট গ্রহণ শেষে গণনাও শুরু হয়ে গেছে। শনিবার ভোটের ফলাফল ঘোষণা করার কথা।
সর্বশেষ খবরে জানা যায়, সাবেক প্রেসিডেন্ট হাশেমী রাফসানজানি ও সংস্কারবাদী প্রার্থী মোস্তফা মঈন নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। ধারনা করা হচ্ছে এই দুই প্রার্থীকে দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে হতে পারে।
পরপর তিনবার নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ার পরও নির্ধারিত সময়ের চার ঘন্টা পরে ভোট গ্রহণ শেষ হয়। ইরানের কট্টরপন্থীদের সাথে রাফসানজানির ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও নির্বাচনী প্রচারণায় উদারপন্থী নীতি অবলম্বন ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
রাফসানজানির প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর একজন কট্টরপন্থী এবং সাবেক পুলিশ প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ এবং সংস্কারপন্থী ও সাবেক উচ্চ শিক্ষামন্ত্রী মোস্তফা মঈন।
তবে মহিলা ও সংস্কারবাদীদের ভোটে অংশ নিতে না দেয়ায় ভিন্ন মতাবলম্বী ও ছাত্ররা নির্বাচন বয়কট করেছে বলে অন্য এক সূত্রে জানা গেছে।
প্রায় এক হাজার প্রার্থীর মধ্যে মাত্র ৭জন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন।
