২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদার নতুন ভিডিও টেপ

আল-কায়েদার উপপ্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরি দলের অনুসারীদের প্রতি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং মুসলিম দেশগুলোর প্রতি ‘যুক্তরাষ্ট্রের সংস্কার সর্ম্পকিত ধ্যান-ধারণা’ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আলজাজিরা টেলিভিশনে প্রচারিত এক ভিডিও টেপে তিনি এ আহ্বান জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

আয়মান আল-জাওয়াহিরি বলেন, মুসলিম বিশ্বের পরিবর্তন অবশ্যই ইসলামিক আইন অনুযায়ী হতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সম্ভাব্য পরিবর্তন শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে হতে হবে।

ভিডিও টেপে জাওয়াহিরি মাথায় সাদা পাগড়ি ও সাধারণ পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে এবং সেসময় তার পাশে একটি রাইফেল ছিল।

ফেব্রুয়ারিতে আল জাজিরায় তাকে দেখানোর পর এটাই হল তার প্রথম ভিডিও টেপ। আল-জাওয়াহিরি তার সহযোদ্ধাদের ক্রুসেডার ও ইহুদীদের বিরুদ্ধে জেহাদ অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, কেবলই সংস্কার দখলদারদের মুসলিম বিশ্ব থেকে তাড়াতে পারবে না।

তিনি বলেন, যতক্ষণ বিদেশি দখলদারিত্ব থাকবে ততক্ষণ সংস্কার সম্ভব নয়। আর পরিবর্তন করতে হলে অবশ্যই ইসলামিক আইন অনুযায়ী করতে হবে এবং তাতে বিদেশি হস্তক্ষেপ হলে চলবে না।

একই ভিডিও টেপে তিনি পশ্চিমা ধ্যান-ধারণা সমর্থক পাকিস্তান, সৌদিআরব ও মিশরের কঠোর সমালোচনা করেন। এছাড়া তিনি মিশরে গত মাসে মহিলা বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করেন।

তবে আলজাজিরা টেলিভিশন ওই ভিডিও টেপটি কিভাবে পেল এবং কোথায় তা ধারণ করা হয়েছে তার বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

মিশর বংশোদ্ভূত আল জাওয়াহিরি আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আমেরিকার কাছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা, আল-জাওয়াহিরি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের দুর্গম এলাকায় পলাতক রয়েছে।