বেদনানাশক ঔষধ হৃদরোগের ঝুঁকি বাড়ায়
সাম্প্রতিকতম এক গবেষণায় দেখা গেছে বেদনানাশক ঔষধ হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
বেশির ভাগ ক্ষেত্রে প্রদাহনাশক ঔষধ (ননস্টেরয়েডাল এন্টি-ইনফ্লেমেটরি ড্রাগ) যেমন ইবুপ্রফিন, নেপরক্সিন, সেলিব্রেক্স প্রভৃতি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতএব বেদনানাশক বা পেইনকিলার খাওয়ার ব্যাপারে সাবধান।
ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের মেডিসিন, ইমিউনোলোজি ও রিউমেটোলজির অধ্যাপক গুরকিপাল সিং বলেন, হৃদরোগের ঝুঁকি বাড়ানো এ ধরনের সব ঔষধের একটি বিশেষ বৈশিষ্ট।
সিং-এর গবেষনার ফলাফল অস্ট্রিয়ায় ’অ্যানুয়াল ইউরোপিয়ান কংগ্রেস অব রিউমেটোলজি’ অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। গবেষনায় দেখানো হয় যে, এ ধরনের ঔষধের ক্ষুদ্রতম ডোজ ব্যবহারেও কিছু ঝুঁকি থাকে, তবে তা সামান্য।
বেদনানাশক ঔষধ ও হার্ট অ্যাটাকের এ ঝুঁকিপূর্ণ সম্পর্ক প্রথমে ভিওক্স, বেক্সট্রা এবং সেলিব্রেক্স (এগুলো একত্রে কক্স-২ নামে পরিচিত) ঔষধ নিয়ে গবেষণা করতে গিয়ে পাওয়া যায়। সিং বলেন, যেকোনও প্রদাহনাশক কিংবা বেদনানাশক ঔষধেই এই ঝুঁকি থাকতে পারে।
