গাঁজা নিয়ে মার্কিন ফেডারেল ও অরিগন রাজ্য কর্তৃপক্ষের দ্বন্দ্ব
যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট চিকিৎসার উদ্দেশ্যে রোগীদের মারিজুয়ানা কার্ড সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করলেও অরিগন রাজ্য তা মেনে নিতে অস্বীকার করেছে।
সুপ্রীম কোর্টের এ ধরণের সিদ্ধান্ত রাজ্যের ওপর আইনগত কোনও প্রভাব ফেলবে না বলে রাজ্যের এ্যাটর্নি জেনারেল হার্ডি মেয়ারস-এর অফিস থেকে জানানো হয়েছে। যদিও অরিগন রাজ্য মারিজুয়ানা কার্ড প্রোগ্রাম আপাতত বন্ধ আছে।
ফেডারেল সুপ্রীম কোর্ট যুক্তরাষ্ট্রে গাঁজা চাষ, সংরক্ষণ ও চিকিৎসা কাজে ব্যবহারের ওপর বিধি নিষেধ আরোপ করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অরিগনের আইনজীবিরা বলছেন, এতে রাজ্যের মারিজুয়ানা কার্ড প্রোগ্রাম ব্যহত হবে না। রোগীদেরকেও এ ব্যাপারে সাবধান করে দেয়ার কিছু নেই।
বেদনানাশক ওসুধ হিসেবে গাঁজা সেবনের উদ্দেশ্যে অরিগন রাজ্য সরকার ১০,৪২১ জনকে মারিজুয়ানা কার্ড দিয়েছে। রাজ্যের বাসিন্দাদের অনুমোদন নিয়েই ১৯৯৮ সালে মারিজুয়ানা কার্ড প্রোগ্রাম চালু করা হয়।
