২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স শিরোপা জয় করলেন কানাডা সুন্দরী

মিস ইউনিভার্সের ৫৪তম আসর এবার বসেছিল প্রাচ্যের ‘আনন্দ নগরী’ হিসেবে খ্যাত ব্যাংককে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের দৃপ্ত পদচারণা এবং কোলাহলে সরব হয়ে উঠেছিল নগরীটি। কানাডার সুন্দরী ললনা নাতালি গ্লিবোভা প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে ল্যাটিন আমেরিকার ৪ প্রতিযোগিনীকে পিছনে ফেলে ঈর্ষণীয় এ শিরোপা জয় করে নেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দেশগুলি হচ্ছে- মেক্সিকো, পুয়েরতো রিকো, ডোমিনিকান রিপাবলিক এবং ভেনেজুয়েলা। রকমারি অঙ্গভঙ্গি এবং প্রশ্নোত্তরের পর নাতালিকে বিজয়ী ঘোষণা করার সাথে সাথে রঙ-বেরঙের আলোর ঝলকানিতে তার হাস্যোজ্জ্বল দীপ্ত চেহারা থেকে রোশনাই ছড়ালেও এ প্রতিযোগিতা এবারও বিতর্ক এড়াতে পারেনি।

মিস ইউনিভার্স প্রতিযোগিতাকে ঘিরে থাই মেয়েদের মধ্যে রমরমা অবস্থা বিরাজ করছিল। এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারে উৎসাহী ছিলেন প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা। ২৬ ডিসেম্বর সুনামির বিপর্যয়ের পর পর্যটন শিল্পে যে ধ্বস নেমেছিল তা পুনরুদ্ধারের আশা করেছে সেদেশের সরকার। প্রতিযোগিতার সেরা সুন্দরীরা কয়েক সপ্তাহ ধরে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে। কখনও হাতির পিঠে, মন্দির পরিক্রমা করে কিংবা সুনামি আক্রান্ত থাই সমুদ্র সৈকতে সময় কাটিয়েছেন। প্রতিযোগিতার ফলাফল দেখার জন্য মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক পর্যন্ত পিছিয়ে দেয়া হয়।

সংগঠকদের বিশাল আয়োজনের পরও উৎসাহে ভাটা পড়েছে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটা জনগোষ্ঠীর তীব্র সমালোচনা ও ক্ষোভের কারণে। বিকিনি পরিহিত সুন্দরীরা বিখ্যাত “বাত অরুণ” বা “টেম্পল অব দ্য ডন” মন্দিরের সামনে ছবির জন্য পোজ দেওয়া এবং মুক্ত পরিবেশে বেহিসেবী চলাফেরা করার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে প্রচন্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে। নৈতিক অবক্ষয় ও ধর্মের এ অবমাননায় জনগণের মধ্যে দ্রুত অসন্তোষ ছড়িযে যায়।

মিস ইউনিভার্স হতে গিয়ে বিশ্বের বৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার প্রতিযোগিনী স্যুইমস্যুট পড়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। নয় বছর আগে এ ঘটনার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় প্রতিবাদের ঝড় বয়ে যায়। তার রেশ এখনও কাটেনি।

রিয়েল এস্টেট টাইকুন ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্টের এনবিসি টিভি নেটওর্য়াকের যৌথ প্রযোজনায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে।