২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার ওপর থেকে ‘সামরিক নিষেধাজ্ঞা’ তুলে নেয়া উচিত: ক্লিনটন

ইন্দোনেশিয়ায় সামরিক সাজসরঞ্জাম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জোরারোপ করে সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন বলেন, সুনামি আক্রান্ত দেশটির পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের যথাসম্ভব সাহায্য করা উচিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিদ্রোহী আচেহ প্রদেশে সামরিক বাহিনীর মানবাধিকার লংঘনের ব্যাপারে ইন্দোনেশিয়া সরকার কোনও পদক্ষেপই

নেয়নি- মানবাধিকার সংগঠনগুলোর এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার নির্দিষ্ট সংখ্যক সামরিক সরঞ্জাম ইন্দোনেশিয়ার কাছে বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দেয়।

ক্লিনটন বলেন, ইন্দোনেশিয়ার সাথে ইতিবাচক সম্পর্ক তৈরির ক্ষেত্রে এ সিদ্ধান্ত অবিবেচনামূলক হবে।

১৯৯৯ সাল থেকে ইন্দোনেশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক বিছিন্ন রয়েছে। পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার সৈন্যরা বিপুল হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছিল।

এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র্র ইন্দোনেশিয়ার সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া পুনরায় শুরু করে এবং কিছু প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্তের ফলে জাকার্তা সুনামি পীড়িত এলাকায় ত্রাণ সহায়তা দেয়ার কাজে নিয়োজিত সি-১৩০ এয়ারক্রাফটের জন্য কিছু খুচরা যন্ত্রাংশ কেনার অনুমতি পায়।

সম্প্রতি ক্লিনটন সুনামি পরবর্তী পুনর্গঠন সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত নির্বাচিত হওয়ার পর বান্দাআচেহ’র উপকূলীয় এলাকা পরিদর্শনে যান। সুনামির ফলে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ মারা যায় এবং আরও আধা মিলিয়ন গৃহহীন হয়ে পড়ে।

ক্লিনটন ইন্দোনেশিয়ার সরকারের ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টার প্রশংসা করেছেন। সেইসাথে প্রাপ্ত অনুদান সঠিকভাবে বন্টিত হচ্ছে কি না তা তদারক করার জন্য আন্তর্জাতিক একাউন্টিং ফার্ম নিয়োগ করায় সরকারের প্রশংসা করেন। তিনি বেঁচে যাওয়া মানুষদের আরও একটু ধৈর্য্যশীল হতে অনুরোধ করেছেন।

তিনি ফিনল্যান্ড, আচেহ বিদ্রোহী ও ইন্দোনেশিয়ার সরকারের মধ্যকার শান্তি আলোচনাকেও স্বাগত জানান। তিনি বলেন, দেশটিতে দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসন কাজের জন্য শান্তি অতীব জরুরী।