আল-কায়দার সাথে জড়িত থাকার অভিযোগে দুই মার্কিন নাগরিক গ্রেফতার
আল-কায়দাকে প্রয়োজনীয় অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার দুই মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে।
ফেডারেল সরকারের কৌঁসুলি এবং এফবিআই-এর যৌথ বিবৃতিতে রোববার বলা হয়, ম্যানহাটনের তারিক ইবনে ওসমান ওরফে আবু মুসাব এবং ফ্লোরিডার রফিক সাবির ওরফে দি ডক্টরের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত দুই মার্কিন নাগরিক আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের অনুগত এবং তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্যাবলী আল কায়দাকে সরবরাহ করেছে।
এফবিআই সদস্যরা তারিক ইবনে ওসমানকে চলতি সপ্তাহের শেষ দিকে নিউইয়র্ক থেকে গ্রেফতার করে। মঙ্গলবার ম্যানহাটনের ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে।
এফবিআই-এর একজন মুখপাত্র জানান, ৫০ বছর বয়সী সাবিরকে শনিবার ফ্লোরিডার বোকা রেটনের কাছে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে ফ্লোরিডার ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
