জঙ্গি পাকড়াও করতে ইরাকি নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রস্তুতি
ইরাকের নিরাপত্তা বাহিনী ইরাকি বিদ্রোহীদের পাকড়াও করতে বাগদাদে ব্যাপক অভিযান পরিচালনা করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ৪০ হাজার ইরাকি সেনা এবং পুলিশ বাগদাদের নিরাপত্তা চৌকিগুলোতে মোতায়েন করা হবে।
বিদ্রোহীদের অব্যাহত হামলায় গত মাসে ৬শ’র বেশি লোক নিহত হওয়ার পর ইরাক সরকার ‘অপারেশন লাইটিং’ নামের এই অভিযান পরিচালনা করতে যাচ্ছে।
অপরদিকে বিদ্রোহীরা হামলা অব্যাহত রেখেছে। রোববার বোমা হামলায় দক্ষিণ বাগদাদে নয় ইরাকি সেনা এবং আমারায় এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে।
গেরিলা বিরোধী অপারেশন পরিচালিত হওয়ার পরও বাগদাদ ও আশপাশের এলাকায় অব্যাহত সহিংসতায় সাধারণ ইরাকিরাও মারা যাচ্ছে। বাগদাদে তেল মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। মাদাইনে আরেকটি বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।
ইতোমধ্যে ইরাকের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, ‘অপারেশন লাইটিং’-এর মাধ্যমে বাগদাদের প্রতিটি জেলায় ইরাকি বিদ্রোহী, বিদেশি যোদ্ধা এবং অস্ত্রাগার সন্ধান করা হবে। তারা বলেন, সাদ্দামের পতনের পর এটাই হবে ইরাকের সবচে’ বড় নিরাপত্তা অভিযান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সকল প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হবে। এছাড়া সন্ত্রাসীদের ঘাঁটিতে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে। রাস্তায় প্রতিটি গাড়িতে তল্লাশী করা হবে।
অবশ্য ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহীম আল জাফারির একজন মুখপাত্র আশংকা করেছেন অপারেশন লাইটিং-এর ফলে বিদ্রোহীদের হামলা আরও বেড়ে যেতে পারে।
তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের পর কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আমরা অনুমান করছি। কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া অপারেশনে বড় ধরনের কোনও প্রভাব ফেলবে না।”
