বিজেপি সভাপতি আদবানির সপ্তাহব্যাপী পাকিস্তান সফর শুরু
ভারতীয় জনতা পার্টির সভাপতি এল কে আদবানি এক সপ্তাহের পাকিস্তান সফরের উদ্দেশ্যে সোমবার নয়া দিল্লী ত্যাগ করেছেন। ১৯৭৯ সালে ভারতের তথ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্রথম পাকিস্তান সফর করেছিলেন।
আদবানির জন্ম পাকিস্তানে। শৈশব কৈশোরও কেটেছে সেখানে। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় তিনি শরণার্থী হয়ে ভারতে চলে আসেন।
পকিস্তান আগমন উপলক্ষে ভারতের মিডিয়ার একটি বড় অংশ তার সাথে রয়েছে। সপ্তাহকালীন এ সফরের সময় তিনি লাহোর, নিজ শহর হায়দ্রাবাদ এবং করাচী যাবেন।
ইসলামাবাদে থাকাকালীন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং অন্যান্য শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।
আদবানি বলেন, “আশা করি ভারত এবং পাকিস্তান তাদের বিগত দিনের শত্রুতা ভুলে দুই প্রতিবেশীর মধ্যে ‘নতুন ভবিষ্যৎ’ গড়ার লক্ষ্যে সদ্ভাব গড়ে তুলবে। এটা অত্যন্ত সুখের বিয়য় যে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং তার সরকার
শান্তির জন্য দ্বিপাক্ষিক সংলাপ অব্যাহত রেখেছে।”
তিনি বলেন, ২০০৪ সালের ৬ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী এবং পারভেজ মোশাররফ আলাপ আলোচনার পর ইসলামাবাদে যে যৌথ বিবৃতি দিয়েছিলেন তার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সর্ম্পকের নাটকীয় পরিবর্তন ঘটে। এটাই ছিল প্রধান শুভ সূচনা।
আদবানি বলেন, এর জন্য অবশ্য বাহবা পেতে পারেন সংসদ সদস্য এবং উভয় দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আইনজীবী, শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই কার্যকরি ভূমিকা এবং মূল্যবান অবদান রেখেছেন।
