ইউরোপীয় ইউনিয়নের সাংবিধানিক চুক্তি বর্জন করেছে ফ্রান্সের জনগণ
ইউরোপীয় ইউনিয়নের নতুন সাংবিধানিক চুক্তি গ্রহণ বা বর্জন প্রশ্নে রোববার ফ্রান্সে যে গণভোট অনুষ্ঠিত হলো তাতে শতকরা ৫৫ ভাগ ভোটার বর্জনের পক্ষে রায় দিয়েছে। ফ্রান্সের জনগণের বিরোধীতা ইউরোপীয় ইউনিয়নের সংবিধানকে অপমৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রেসিডেন্ট জ্যাক শিরাক ভোটারদের ‘মুক্ত স্বাধীন সিদ্ধান্ত’ মেনে নিলেও তা যে ইউরোপীয় ইউনিয়নে নিজেদের স্বার্থ রক্ষার জন্য কঠিন হয়ে দাঁড়াবে সেটাও স্পষ্ট করে জানিয়ে দেন। তিনি বলেন, ভোটাররা নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে এনেছে।
ফরাসী এই নেতা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। বিশ্লেষণকারীরা বলছেন, এ ফলাফল ইউরোপের বাইরেও প্রভাব ফেলবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যদের না-বাচক ভোট চুক্তিটির ভবিষ্যৎকে অনিশ্চিতের দিকে ঠেলে দিয়েছে।
সম্ভাব্য পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভবিষ্যতে তিনি ডানপন্থী সরকার ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
রোববার ‘না’ সমর্থিত জনগণ ফরাসী বিপ্লবের সূচনাস্থল প্যারিসের ডে লা বাস্তিলে একত্রিত হয়ে উল্লাস করতে থাকে।
কমিউনিস্ট, বিভিন্ন বামপন্থী দল, বিরোধী মতাবলম্বী সোশালিস্ট এবং ডান ভাবনা থেকে দূরে রাজনৈতিক দলগুলো চুক্তি বাতিলের পক্ষে ছিল।
‘হ্যা’ সমর্থিত বিরোধী দল সোশালিস্ট পার্টির নেতা ফ্রানকয়েস হল্যান্ড ভোটের ফলাফলে দুঃখ প্রকাশ করলেও প্রধানমন্ত্রী জ্যাঁ পিয়েরে র্যাফারিনকে দোষারোপ করেন। তিনি বলেন, ‘চুক্তির বিরোধিতা করা মানে সরকারকে বিরোধিতা করা’।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁক স্ট্র বলেন, ইউরোপ আগামী দিনে কোন দিকে এগিয়ে যাবে তা এখন গভীর প্রশ্নের মুখোমুখি।
উল্লেখ্য,ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির সরকার দীর্ঘ আলোচনার পর গত বছর সংবিধানটি চূড়ান্ত করেছিল।
