দারফুর সফরে কফি আনান
দশ হাজারেও বেশি উদ্বাস্তু দারফুরের সবচে’ বড় শরণার্থী শিবিরে কর্দমাক্ত রাস্তায় দাঁড়িয়ে জাতিসংঘের মহাসচিব কফি আনানকে স্বাগত জানান। পরে তিনি সহিংসতা চলাকালে একজন মহিলা ধর্ষিত হওয়ার করুণ বিবরণ শোনেন।
জাতিসংঘ মহাসচিব কফি আনানকে উদ্বাস্তু শিবিরের মহিলারা স্বাগত জানিয়ে বলেন, “আমরা মুক্তি ও স্বাধীনতা চাই।”
তারা দক্ষিণ দারফুরের কালমা ক্যাম্পে পুলিশ ও আরব মিলিশিয়াদের দ্বারা পরিচালিত হত্যা, নির্যাতন ও ধর্ষণের বিভিন্ন ঘটনা সম্পর্কে তাকে অবহিত করেন।
দারফুরে বিগত তিন বছর ধরে অব্যাহত সহিংসতায় দশ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে।
স্থানীয় উপজাতীয় নেতা আবকা তাহা কফি আনানকে এসময় বলেন, “আমরা যখন প্রথম শরণার্থী শিবিরে আসি তখন আরব মিলিশিয়ারা ৫৬ জনকে হত্যা করে।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ত্রাণকর্মীরা আনানকে বলেন, সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো কালমা ক্যাম্পে সাহায্য বিতরণ করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে আফ্রিকান ইউনিয়নের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করছে বলে তারা জানান।
শরণার্থী শিবিরের একজন সাহায্যকর্মীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, গত সপ্তাহে আফ্রিকান ইউনিয়নের নিরাপত্তা বাহিনীর কালমা ক্যাম্পে ২৪ ঘণ্টা উপস্থিতির ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সাহায্যকর্মীরা বলেন, দারফুর সমস্যা বর্তমানে একটি বাড়তি চ্যালেঞ্জ কারণ নিরাপত্তাহীনতার জন্য অনেক জায়গায় এখনও ত্রাণ নিয়ে পৌঁছা যাচ্ছে না। সাহায্যকর্মীরা আরও বলেন, দারফুরে যেভাবে সমস্যা দেখা দিয়েছে তাতে দাতাদের সাহায্য অব্যাহত রাখা ছাড়া কোনও উপায় নেই।
দারফুরে সহিংসতা বন্ধে আফ্রিকান ইউনিয়নের ২৩০০ সেনা এবং একশ’ পুলিশ সার্বক্ষণিক ঘটনা তদারকি করছে।
পরে আনান বয়:সন্ধির আগেই এক মেয়ের ধর্ষিত হওয়ার কাহিনী শোনেন। গত জুনে কালমা ক্যাম্পে ৫ হাজার মানুষের আশ্রয়স্থলে ২৬ হাজার উদ্বাস্তু মানুষ আশ্রয় নিয়েছে। দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালার পূর্বে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ১ লাখ ১০ হাজার দারফুরবাসী অবস্থান করছে।
জাতিসংঘ মহাসচিব কফি আনান শুক্রবার আফ্রিকার সবচে’ বড় দেশ সুদানে পৌঁছেন এবং সেদেশের ভাইস-প্রেসিডেন্ট আলী ওসমান মোহাম্মদ তাহার সাথে বৈঠক করেন।
