এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমের জন্য ভারতের প্রশংসা করলেন ক্লিনটন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এইডস বিরোধী কার্যক্রমের জন্য ভারতের প্রশংসা করলেন। বিশেষ করে ভারতের নতুন সরকার এইচআইভির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ায় ভারতে এইচআইভি/এইডস আক্রান্ত রুগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় ক্লিনটন সাধুবাদ জানান।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ অর্জনকে উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করলেও তা এখনও যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশটি যেন এ কার্যক্রমে শিথিল মনোভাব পোষণ না করে। বৃহস্পতিবার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের এক সমীক্ষায় জানা যায়, ২০০৩ সালে যেখানে ভারতে এইচআইভি/এইডস আক্রান্ত রুগীর সংখ্যা ছিল ৫ লাখ ২০ হাজার, সেখানে ২০০৪ সালে ভারতে এ ধরণের নতুন রুগীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২৮ হাজারে।
এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল এস.ওয়াই.কোরেশী বলেন, ‘এই তথ্যই প্রমাণ করে যে, আমাদের নীতি সঠিক’।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পরে ৫.১৩ মিলিয়ন জনঅধ্যুষিত ভারত দ্বিতীয় বৃহত্তম এইচআইভি আক্রান্ত দেশ হিসেবে পরিচিত।
ক্লিনটন তার প্রেসিডেন্সির পরবর্তী সময়ে এইচআইভি/এইডস বিরোধী কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেন।
তিনি তার বত্তৃতায় ভারতের ওষুধ শিল্পেরও প্রশংসা করেন। তিনি বলেন, দরিদ্র এবং উন্নয়নশীল বিশ্বের জনগণের জন্য সল্প মূল্যে এইডসের ওষুধ তৈরি করে তারা এইডস ও এইচআইভি মোকাবেলায় প্রসংশনীয় কাজ করছে।
