মাদক পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ার আদালতে ২০ বছরের সাজা হয়েছে এক অস্ট্রেলিয় নারীর
বালিতে গাঁজা আনার অভিযোগে অস্ট্রেলিয়ার এক নারী শেফেলি করবিকে (২৭) মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করেছে ইন্দোনেশিয়ার আদালত। তিন বিচারক সমন্বয়ে গঠিত প্যানেল শুক্রবার সকালে তাকে ২০ বছরের জেল এবং ১০ হাজার ৭ শ’ ডলার জরিমানা করেছে।
গত বছর ৮ অক্টোবর বালির দেনপসার বিমানবন্দরে নামার পর তার ব্যাগে ৪.১ কিলোগ্রাম মাদক দ্রব্য পাওয়া যায়। করবি আদালতকে জানায় যে, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে ব্যাগ পরিবহনকারীরা হয়তো তার ব্যাগে এই মাদক ঢুকিয়ে দিয়েছে। তিনি মাদকপাচারকারীদের চক্রান্তের শিকার।
তিনি বিচারককে বলেন, তিনি কখনই স্বীকার করেননি যে, উদ্ধারকৃত মাদক তার ছিল। ভাষাগত কারণে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
বিবাদীর আইনজীবী বলেন, ড্রাগ বহনের জন্য ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগে করবি’র আঙ্গুলের ছাপ পুলিশ প্রমাণ করতে পারেনি কিংবা ভিডিওটেপেও কিছু ধরা পড়েনি। এছাড়া মাদক উৎস স্থলের ব্যাখার সাথে কোনও সামঞ্জস্য পাওয়া যায়নি। তাই তার মক্কেল নির্দোষ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেন, ইন্দেনেশিয়ার বিচার ব্যবস্থার উপর তিনি কোনও প্রভাব বিস্তার করতে চান না। কিন্ত আদালত “সত্য এবং সুন্দরের পক্ষে রায় দেবে” এটাই প্রত্যাশিত। অস্ট্রেলিয়া সরকার করবির মামলাটির সঠিক তদন্তের জন্য প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিল। এর ফলে মামলার রায়ে কোনও প্রভাব পড়েছে কি না তা স্পষ্ট নয়।
করবি’র মামলাটি জটিল আকার ধারণ করে যখন তার আর্থিক সহায়তাকারী অস্ট্রেলিয়ার রন বাকিরকে লেখা চিঠিতে উল্লেখ ছিল যে, বিচারককে ঘুষ প্রদান করলে তার লঘু শাস্তি হবে। পরবর্তী সময় করবি এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে এবং আদালতে ক্ষমা চায়।
বিচারক রায়ে বলেন, মাদক পাচারের ব্যাপারে অভিযুক্ত নির্দোষ এবং অন্য কোনও ব্যক্তি এর সাথে জড়িত রয়েছে- বিবাদী পক্ষ তা প্রমাণে ব্যর্থ হয়েছে।
সন্ত্রাসীরা মামলার কারণে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক মিশনে বেশ কয়েকবার বোমা হামলার হুমকি দিয়েছে। ফলে রায়ের দিন আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
অস্ট্রেলিয়া সরকার এ সপ্তাহে জানায় যে, দু’দেশের সরকার বন্দী বিনিময়ের এক সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। পরিকল্পনা অনুযায়ী করবি তার শাস্তিপ্রাপ্ত কারাজীবন অস্ট্রেলিয়ার কোনও কারাগারে কাটাবে।
