২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামোয় কোরান অবমাননার অভিযোগ সংক্রান্ত এফবিআই দলিল

গুয়ান্তানামো বন্দিশিবিরে মার্কিন গার্ডদের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ আরও আগেই তোলা হয়েছিলো। ডি ক্লাসিফাইড এফবিআই ডকুমেন্ট সেকথাই বলছে। সন্দেহভাজন বন্দিরা মার্কিন জিজ্ঞাসাবাদকারীদের কাছে এই বলে অভিযোগ করে যে, ২০০২ সালের এপ্রিলে প্রথম দফায় বন্দিদের গয়ান্তানামোয় নেয়ার তিন মাসের মাথায় গার্ডরা তাদের প্রহার করে এবং টয়লেটে পবিত্র কোরানের একটি কপি ফ্লাশ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সম্প্রতি নিউজ উইকে কোরান অবমাননা সংক্রান্ত প্রতিবেদন ছাপা হবার পর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেয় এবং পত্রিকাটি এটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। আফগানিস্তানে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছুঁড়লে ১৫ জন নিহত হয়।

গত সপ্তাহে পেন্টাগন জানায়, বাথরুমে কোরান ফ্লাশ করা সংক্রান্ত কোন ‘বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট অভিযোগ’ তারা পায়নি।

গত সপ্তাহে নিউজ উইক এর জন্য ক্ষমা প্রার্থনা করে এবং জানায় যে, তারা ওই রিপোর্টের সত্যতা প্রমান করতে পারছে না।

বুধবার আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামক একটি মানবাধিকার সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এফবিআই-এর দলিল প্রকাশ করা হয়। এতে দেখা যায় যে, গুয়ান্তানামোয় আগেই এ ধরণের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এফবিআই এজেন্ট ২০০২ সালের ১ আগস্ট গুয়ানতানামো বে’র একজন বন্দিকে জিজ্ঞাসাবাদের পর লিখেছিলেন, কারারক্ষীরা বন্দিদের সাথে ভাল ব্যবহার করে না। প্রায় পাঁচ মাস আগে কারারক্ষীরা বন্দিদের ওপর নির্যাতন চালায় এবং বাথরুমে কোরান ফ্লাশ করে দেয়। এমনকি নামাজ পড়ার সময়ও তারা চারপাশে নেচে নেচে বিরক্ত করে থাকে।

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছে, গুয়ানতানামো বে’ তে এসব অভিযোগের পাহাড়সম প্রমাণ থাকা সত্ত্বেও পেন্টাগন এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।

পেন্টাগন অবশ্য তাৎক্ষনিকভাবে এসব প্রমাণের ব্যাপারে কোন কথা না বললেও সাবেক বন্দিদের সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবী করেছে।

বুধবার প্রকাশিত এফবিআই এর অন্য এক রিপোর্ট থেকে জানা যায়, এক বন্দি এই বলে অভিযোগ করেন যে, এক মহিলা জেরাকারী তার ঋতুকালীন রক্ত তার মুখে মেখে দিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি টেনে যুক্তরাষ্ট্রকে কিউবায় অবস্থিত মার্কিন এ নৌ ঘাঁটি বন্ধ করে দেয়ার জন্য বলেছে।

এদিকে হোয়াইট হাউস ‘হাস্যকর ও অসমর্থিত’ আখ্যায়িত করে এই রিপোর্ট বাতিল করে দিয়েছে।

উল্লেখ্য, আল-কায়েদার সাথে যুক্ত সন্দেহে ৫০০-রও বেশি লোক গুয়ানতানামো বে’ তে বন্দি অবস্থায় রয়েছে।

নিউজউইক গত সপ্তাহে এ ধরণের রিপোর্ট প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নিলে হোয়াইট হাউজ বলেছে, এই রিপোর্ট মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের ইমেজ ক্ষুন্ন করেছে।