উ.কোরিয়ায় নিহত মার্কিন সেনাসদস্যদের দেহাবশেষ উদ্ধার অভিযান স্থগিত
মার্কিন সেনাবাহিনী অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির কারণে উত্তর কোরিয়ায় নিখোঁজ মার্কিন সেনাসদস্যদের দেহাবশেষ উদ্ধার অভিযান স্থগিত রেখেছে। ১৯৫০-১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধে এসব সৈনিক নিহত হয়।
যুক্তরাষ্ট্র সরকার এ সিদ্ধান্ত গ্রহনের আগে ২৭ সদস্যের একটি সামরিক টীম কিছু দেহাবশেষ নিয়ে দেশে ফেরেন। ধারনা করা হচ্ছে, এই দেহাবশেষ কোরিয়া যুদ্ধকালীন মার্কিন সৈন্যদের।
পেন্টাগনের প্রধান মুখপাত্র লরেন্স ডিরিটা বলেন, উত্তর কোরিয়া ছয়জাতি আলোচনায় অংশগ্রহণে অস্বীকৃতি জানালে এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়ায় যে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই কারনে অনুসন্ধান অভিযান স্থগিত করতে হলো।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড অনুসন্ধান অভিযান বন্ধ করে দেয়ার সুপারিশ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
