২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বিশিষ্ট অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্তের জীবনাবসান

ভারতীয় বিশিষ্ট অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মুম্বাইয়ের বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সুনীল দত্তের ব্যক্তিগত চিকিৎসক ড. সুরেশ জানান, তিনি গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন।

তার মৃত্যুর খবর টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কয়েক মিনিটের মধ্যে অসংখ্য ভক্ত তার মুম্বাইয়ের বাসায় ভিড় করে।

সুনীল দত্ত ভারতীয় কংগ্রেসের নেতৃত্বে গঠিত কোয়ালিশন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ছিলেন। বলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারতীয় সিনেমায় তিনি প্রথম সারির একজন অভিনেতা ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দেন। তার নিজের এলাকা মুম্বাইয়ের বান্দ্রা আসন থেকে তিনি পাঁচবার ভারতীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

একজন সফল রাজনীতিবিদ ছাড়াও সুনীল দত্ত একজন সব্যসাচী অভিনেতা ছিলেন। মাদার ইন্ডিয়া, ইয়াদে, ওয়াক্ত এবং মিলন ছাড়াও তার অভিনীত অনেক সফল ছবি রয়েছে।

এছাড়া সুনীল দত্ত ‘দর্দ কা রিস্তা’ (১৯৮২) ও ‘রেশমা আওর শেরা’ (১৯৭১) সহ মোট ছয়টি চলচ্চিত্র পরিচালনা করেন।

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নার্গিসকে বিয়ে করেন তিনি। নার্গিস ১৯৮১ সালে মারা যান। বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত তাদের একমাত্র পুত্র। এছাড়া তাদের দুই কন্যা রয়েছে।