কোনও ধর্মীয় ইস্যুতে কাশ্মীর সমস্যার সমাধান নয়: মোশাররফ
কাশ্মীর নিয়ে আলোচনার জন্য অল পার্টি হুরিয়াত কনফারেন্স নেতৃবৃন্দকে পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে ভারত। এ যাত্রায় এ ব্যাপারে কোন প্রতিবন্ধকতা তৈরী করেনি তারা। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, হুরিয়াত ভারতের সাথেও আলোচনায় বসবে। ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব।
পাকিস্তানের ডেইলি টাইমস-এর সাথে এক সাক্ষাৎকারে মোশাররফ বলেন, “কাশ্মীরি জনগণের পক্ষে অল পার্টি হুরিয়াত কনফারেন্স (এপিএইসসি), পাকিস্তান এবং ভারত আলোচনার সূচনা করতে যাচ্ছে। কাশ্মীরের প্রতিনিধিত্বকারী অন্য কোনও রাজনৈতিক দলকে প্রয়োজনে আলোচনায় অর্ন্তভূক্ত করা যেতে পারে। আমরা যদি সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার ব্যাপারে আন্তরিক হই তাহলে এসব ছোটখাট বিষয় অন্তরায় হয়ে দাঁড়াবে না। আমাদের সুশাসন কায়েমের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ”
তিনি বলেন, “আমাদের যদি সদিচ্ছা এবং সাহস থাকে তাহলে আগামী ১ বছরের মধ্যেই এর সুষ্ঠু সমাধান আমরা খোঁজে পাব। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষমতায় থাক এবং আলোচনা চালিয়ে যাক এটাই আমার প্রত্যাশা। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আদভানির সাথে আমার খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। আমি তাদেরকে একটি কথাই বলেছি যে, বিরোধীদলে থেকে আপনারা এ উদ্যোগের বিরোধিতা করবেন না। জোট সরকারের অন্যতম শক্তিশালী শরিক কমিউনিস্ট সদস্যরা এ উদ্যোগের পক্ষে রয়েছে। আমরা অবশ্যই কাশ্মীর সমস্যার সমাধান করতে সক্ষম হব।”
মোশাররফ গত মাসে দিল্লী সফরকালে হুরিয়াত নেতাদের সাথে মিলিত হয়েছিলেন। কাশ্মীর নিয়ে ভারতের সাথে চুক্তি কার্যকর করতে তিনি কোনও ধরনের “আর্ন্তজাতিক নিশ্চয়তা” চান। তিনি বলেন, দ্বিপাক্ষিক অঙ্গীকার থাকার পরও এমন কিছু বিষয় থাকে যা পূরণে আর্ন্তজাতিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত সপ্তাহে মোশাররফ বলেছিলেন, ‘কোন ধর্মীয় ভিত্তিতে’ কাশ্মির ইস্যুর সমাধান নয়। ভারত চায় বর্তমান সীমান্ত রেখা অব্যাহত থাক। পাকিস্তানের বক্তব্য, লাইন অব কন্ট্রোল স্থায়ী সীমান্ত রেখা হতে পারে না এবং সীমানা ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।
মোশাররফ বলেন, জম্মু ও কাশ্মীরের নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ ক্ষমতাসীন পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের বিরোদীদলীয় নেতৃবৃন্দকে আলোচনায় ডেকে এনে অযথা এ স্পর্শকাতর ইস্যুতে বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না।
উদারপন্থী হুরিয়াত নেতা মিরওয়াজ ওমর ফারুক বলেন, “আমাদের এ সত্যটা মানতেই হবে যে, হুরিয়াত সকল কাশ্মীরি জনগণের একক প্রতিনিধিত্বকারী দল নয়। পিডিপি এবং ন্যাশনাল কংগ্রেস-এর নির্বাচনী এলাকা রয়েছে এবং তারাও কাশ্মীরকে প্রতিনিধিত্ব করে।
মোশাররফ বলেন, “আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। আমাদের কাছে এপিএইসসি-ই হচ্ছে কাশ্মীরের প্রতিনিধিত্বকারী একমাত্র দল।
কাশ্মীরে জঙ্গিদের সন্ত্রাসী হামলা বন্ধের জন্য তিনি চাপ সৃস্টি করবেন কি না তেমন প্রশ্নের উত্তরে মোশাররফ বলেন, ভারত, পাকিস্তান এবং কাশ্মীরিদের মধ্যে যদি একটি গ্রহণযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে সন্ত্রাসী কার্যক্রমের স্বাভাবিক মৃত্যু ঘটবে। ভারত যদি ঐ অঞ্চলে সামরিক তৎপরতা কমায় তাহলে জঙ্গিদের তাদের কার্যক্রম বন্ধ করতে পরামর্শ দেয়া যেতে পারে। তবে চুক্তি স্বাক্ষরের পর একটি বুলেটও ছোঁড়া হবে না এমন নিশ্চয়তা দেয়া যাবে না। বাঁশি আমার হাতে নেই যে, তা বাজালেই সকল সশস্ত্র তৎপরতা এক নিমিষে বন্ধ হয়ে যাবে।
