কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন: কোইজুমির সাথে সাক্ষাত বাতিল করলেন চীনা উপ প্রধানমন্ত্রী
চীনা উপ প্রধানমন্ত্রী উ ই জাপান সফরকালে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির সাথে পূর্ব নির্ধারিত সাক্ষাৎপর্ব বাতিল করে সফরের সময়সীমার এক দিন আগেই চীনে ফিরে গেছেন। দু’পক্ষের বৈরি সম্পর্ক নিরসনের উদ্যোগ হিসেবেই এ সাক্ষাৎকারের পরিকল্পনা করা হয়েছিল।
বেইজিং এ ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কিছু বলেনি। তবে ‘অভ্যন্তরীণ দায়িত্ব’-এর কারণে সাক্ষাতপর্বটি বাতিল করা হয়েছে বলে উ ই’র পক্ষ থেকে জানানো হলেও জাপানের শাসকদলের উচ্চ পর্যায়ের কয়েকজন তার এ সিদ্ধান্তকে ‘রূঢ়’ আচরণ হিসেবে দেখছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে টোকিওর আচরণসহ অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে চীন ও জাপানের মাঝে বিরোধ তুঙ্গে। সম্প্রতি চীনের কয়েকটি শহরে জাপান বিরোধী আন্দোলনও হয়েছে।
উ ই সোমবার কোইজুমির সাথে তার নির্ধারিত সাক্ষাৎ আচমকা বাতিল করে সফর শেষ হওয়ার এক দিন আগেই দেশে ফিরে যান। বেইজিং সফররত জাপানি ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত জাপানি সৈন্যদের সমাধিস্থল ইয়াসুকুনি পরিদর্শন না করার পরামর্শ দেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। এর পরদিনই উ ই জাপান ত্যাগ করেন।
ইয়াসুকুনি সমাধিস্থলকে চীনারা জাপানের সামরিক আগ্রাসনের প্রতীক হিসেবে দেখে থাকে।
জাপানের এ সমাধিস্থলটিতে প্রধানমন্ত্রী কোইজুমি প্রায়ই পরিদর্শন করতে যান। তবে তিনি জানান, তার এ পরিদর্শনকে ব্যক্তিগত বলে ধরে নেওয়াই ভাল।
