ইরাকে জঙ্গি হামলায় নিহত ৩৪
বাগদাদে কয়েক দফা গাড়ী বোমা বিস্ফোরণ এবং ভিন্ন কয়েকটি জঙ্গি হামলায় সোমবার কমপক্ষে ৩৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। এদিন তিনটি ভিন্ন হামলায় ৪ জন মার্কিন সৈন্যও নিহত হয়।
ইরাকের উত্তরাঞ্চলের শহর তাল আফার-এতে সোমবার রাতে দু’টি গাড়ী বোমা বিস্ফোরণে ১৫ জন সাধারণ নাগরিক নিহত এবং ২০ জন মারাত্মকভাবে জখম হয়। এছাড়া শিয়া অধ্যুষিত দু’টি এলাকায়ও গাড়ী বোমা হামলা চালায় জঙ্গিরা। বাগদাদের একটি রেস্টুরেন্টে এবং মসজিদে এ হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয় এবং ১৩০ জনের বেশী লোক আহত হয় বলে এক সরকারী কর্মকর্তা জানান।
নিনেভে প্রদেশের ডেপুটি গভর্ণর খোসরা গোরান বলেন, কয়েকদিন আগে হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে রক্ষা পাওয়া শেখ হাসান বাকদাস যখন তার বাড়ীতে উপজাতীয়দের নিয়ে সন্ধ্যায় এক অনুষ্ঠানে মেতে ছিলেন তখনই জঙ্গিরা তাদেরকে লক্ষ্য করে হামলা চালায়। বাকদাস উপজাতীয়রা শিয়া ধর্মাবলম্বী এবং কুর্দীদের সাথে তাদের আঁতাত রয়েছে। সমাবেশের পাশেই দু’টি গাড়ী বোমা তিন মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয়। এতে ১৫টি গাড়ী ধ্বংস হয়।
গত মাসে নিহত একজন বাকদাস উপজাতির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত শোকাহত মানুষের উপর গাড়ী বোমা হামলা চালানো হয় এবং তাতে অনেকেই নিহত হয়।
সোমবার বাগদাদের দক্ষিণে একটি শিয়া মসজিদের বাইরে এক গাড়ী বোমা হামলায় ২ জন নিহত এবং ১১ শিশুসহ ২২ জন আহত হয়। পাশের একটি বাড়ীও ধ্বংসপ্রাপ্ত হয়। কর্তৃপক্ষ বলছে, ধ্বংস¯ত’পের নিচে হয়তো আরো অনেকে আটকা পড়ে আছে।
ঐদিন সকালে বাগদাদের শিয়া ঘন বসতি এলাকায় একটি রেস্টেুরেন্টে বোমা হামলায় ১০ ইরাকী নিহত এবং ১১০ জনের অধিক লোক আহত হয়েছে। কর্তৃপক্ষ এ হামলাগুলোকে সাম্প্রদায়িক হামলা হিসেবে চিহিৃত করছে।
সোমবারই প্রকাশ্য দিবালোকে ইরাকে প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ওয়াল আল-রুবাই গাড়ীযোগে কর্মস্থলে যাওয়ার সময় জঙ্গিরা দু’টি গাড়ী করে এসে তার ড্রাইভারসহ তাকে গুলি করে হত্যা করে। একই কায়দায় রোববার ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক আলী মোসা সালমন এবং তার ড্রাইভারকে হত্যা করে জঙ্গিরা।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত বহুজাতিক বাহিনীর উপর সোমবার সামারাতে ৩টি ভিন্ন আত্মঘাতি বোমা হামলায় ৩ জন মার্কিন সৈন্য আহত হয় এবং দুজন ড্রাইভার মারা যায়। অপর এক হামলায় নিরাপত্তা দলের ৫ জন নিহত হয়। কিরকুকে বোমা হামলায় ৮ জন ইরাকী জখম হয়।
রোববার মশুলে মার্কিন বাহনীর উপর দুটি জঙ্গি হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। তিকরিতে টহলদার সেনাদের উপর হামলা চালিয়ে ১ জন মার্কিন সেনাকে হত্যা করে জঙ্গিরা। ইরাকে ২০০৩ সালে মার্কিন অভিযানের পর এ পর্যন্ত ১,৬৩৫ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে।
দুই মাস আটক থাকার পর গত মার্চের ২৮ তারিখ অপহৃত রোমানিয়ার ৩ জন সাংবাদিক এবং একজন অনুবাদক রোববার মুক্তি পেয়েছে বলে রোমানিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন।
ধর্মীয় সংগঠন আল-সদর অন্যান্য শিয়া ও সুন্নী ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সাথে ধর্মীয় সংঘাত কমানোর উপায় বের করার জন্য আলোচনায় যোগ দিযেছে। তারা সবাই মিলে একটি কাউন্সিল গঠনে ঐক্যমতে পৌঁছেছে। শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ বের করা এবং পাল্টা আক্রমণের বা হত্যার পথ রুদ্ধ করার জন্যই এ প্রচেষ্টা। কয়েকদিনের মধ্যেই তাদের প্রথম আলোচনা অনুষ্ঠিত হবে।খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সম্প্রতি বেশ কিছু সংখ্যক সুন্নী ইমামকে গ্রেফতার এবং তাদের ৪ জন বিখ্যাত ইমাম নিহত হওয়ার পর তিনদিন যে মসজিদ বন্ধের ডাক দেয়া হয়েছির সোমবার সন্ধ্যায় তা শেষ হয়েছে। সংখ্যালঘু সুন্নীরা সাদ্দাম হোসেনের সময়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। গত ৩০ জানুয়ারী ইরাকে সাধারণ নির্বাচণ অধিকাংশ সুন্নী বর্জন করেন।
