পারমানবিক প্রযুক্তির ব্যাপারে আগ্রহী ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, তার সরকার পারমানবিক শক্তির ব্যাপারে আগ্রহী। হয়তো শীঘ্রই ইরানের সাথে সম্ভাব্য পারমানবিক ও সৌর শক্তির বিভিন্ন প্রকল্প নিয়ে গবেষণার জন্য আলাপ-আলোচনা শুরু করবেন।
শাভেজ ক্যাস্ট্রোর ভালো বন্ধু এবং আমেরিকার কঠোর সমালোচক। তিনি মনে করেন, নাগরিক প্রয়োজনেই ভেনেজুয়েলা এবং অন্যান্য লাতিন আমেরিকান বিকল্প শক্তি হিসেবে পারমানবিক শক্তি উৎপাদনের চেষ্টা করতে পারে। প্রয়োজনে ভেনেজুয়েলা, ব্রাজিল, আর্জেটিনাসহ কিছু দেশ এ ব্যাপারে কথা বলতে পারে। কোথায় কোথায় পারমানবিক শক্তি কাজে লাগানো যায় তা সনাক্ত করতে পারে। তিনি বলেন, এক্ষেত্রে তারা ইরানের সাহায্য নিতে আগ্রহী।
মহাদেশীয় রাজনীতিতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজমান। পারমানবিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে ইরানের বিরোধ চরমে পৌঁছেছে। অথচ শাভেজ ইরানের কাছ থেকে ‘পারমানবিক সহযোগিতা’ গ্রহণের কথা বলছেন।
