দিল্লিতে বোমা বিস্ফোরণে হত ১, আহত অর্ধশতাধিক, অভিনেতার নিরাপত্তা বৃদ্ধি
ভারতের রাজধানী দিল্লীর সিনেমা হলে একটি বির্তকিত ছবি প্রদর্শনকালে রোববার রাতে দুটি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং কমপক্ষে ৪৯ জন মারাত্মক আহত হয়েছে। সোমবার সকালেও আরেকটি বোমা বিস্ফোরণে ১ জন আহত হয়েছে।
বোমা বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও একটি চলচ্চিত্রকে এর জন্য দায়ী করা হচ্ছে। দু’টি সিনেমা হলেই “জো বলে সো নিহাল” নামের একটি বিতর্কিত ছবি প্রর্দশিত হচ্ছিল। শিখ ধর্মীয় নেতারা ছবিটিতে তাদের বিশ্বাসের উপর আঘাত করার অভিযোগে তীব্র সমালোচনা করেছে। পরপর বোমা বিস্ফোরণের পর ছবিটির প্রধান চরিত্র একজন শিখ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয়কারী সানি দেওলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কর্তৃপক্ষ রাজধানীর সবক’টি সিনেমা হল বন্ধ করে দিয়েছে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
লিবার্টি সিনেমা হলের বোমাটি দর্শক আসনের সামনের সারিতে সিটের নিচে ছিল। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় বোমাটি সত্যম সিনেমা হলের টয়লেটে বিস্ফোরিত হয়। তবে বোমাগুলোতে উঁচু মানের বিস্ফোরক না থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
সোমবার ভোরে নন্দনগিরি এলাকায় একটি লেডিসব্যাগ কুড়াতে গিয়ে একজন লোক বোমা বিস্ফোরণে আহত হয়।
বিতর্কিত এ ছবিটির প্রর্দশনের প্রতিবাদের কারণে গত সপ্তাহে শিখ অধ্যুষিত পাঞ্জাব রাজ্য থেকে ছবিটি সরিয়ে নেয়া হয়েছে। এ সপ্তাহেই দিল্লীতে এ ছবিটি প্রথম প্রর্দশিত হচ্ছিল।
