ইউরোভিশন পুরস্কার পেলেন গ্রিক শিল্পী হেলেনা
গ্রিক গায়িকা হেলেনা পাপারিজো এ বছরের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর মর্যাদা পেয়েছেন। “মাই নাম্বার ওয়ান” গানটির জন্য তিনি এই বিশেষ মর্যাদায় ভূষিত হন। রোববার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কো তার হাতে পুরস্কার তুলে দেন।
শনিবার রাত পর্যন্ত বুকমেকাররা হেলেনাকেই শীর্ষে রেখেছিলেন। তার মূল প্রতিদ্বদ্ধী ছিলেন নরওয়ের উইগ ওয়াম। তবে বিস্ময়করভাবে মাল্টার চিয়ারা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এই প্রতিযোগিতায় টেলিফোন ভোটে রোমানিয়ার লুমিনিতা অ্যাংহেল তৃতীয় স্থান লাভ করেন।
ইউরোপে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইউরোভিশন। এ বছর প্রায় ১৫ কোটি দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেছেন। পুরস্কার বিতরণ করার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ইউশেঙ্কো বলেন, ‘সঙ্গীতের জন্য এই পুরস্কার সমগ্র ইউরোপকে ঐক্যবদ্ধ করেছে।’
ইউক্রেনের গায়িকা রাসলানা গত বছর এ পুরস্কার জয়ের বিরল সম্মান অর্জন করেছিলেন। তাই কিয়েভ এবার স্বাগতিক হওয়ার সুযোগ পায়।
