মোশাররফ পুনরায় ক্ষমতা থাকার ঘোষণায় বিরোধী দলগুলোর নিন্দা
প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পুনরায় ক্ষমতা থাকার ঘোষণায় পাকিস্তানের বিরোধী দলগুলো তীব্র নিন্দা জানিয়েছে। ২০০৭ সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ক্ষমতার মেয়াদ শেষ হবে। প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নেওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন। নেওয়াজ শরীফের সমর্থকরা বলেন, আবার ক্ষমতায় থাকার বাসনা প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের একনায়কতান্ত্রিক কায়দারই বহিঃপ্রকাশ মাত্র।
বিরোধী দলগুলোর অভিযোগ, মোশাররফের পুনরায় ক্ষমতা থাকা হবে অবৈধ ও অসাংবিধানিক। তারা অভিযোগ করেছেন, পারভেজ মোশাররফ প্রতারণা ও অসাংবিধানিক উপায়ে বর্তমানে প্রেসিডেন্ট পদে বহাল রয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সংবিধান মতে, সংসদীয় পদ্ধতি অনুসারে পরবর্তী প্রেসিডেন্ট অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে। প্রেসিডেন্ট পারভেজ জনমত যাচাই না করেই মঙ্গলবার পুনরায় ক্ষমতা থাকার ঘোষণা দিয়েছেন বলে বিরোধী দলগুলি জানায়।
প্রেসিডেন্ট মোশাররফ সংবিধান সংশোধনের জন্য পর্যাপ্ত সমর্থন পাচ্ছেন না। এর জন্য পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। এর আগে জেনারেল মোশাররফ সেনাবাহিনীর প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও গত বছরের শেষ দিকে তিনি তার আগের প্রতিশ্রুতি থেকে ঘুরে দাঁড়ান। মোশাররফ প্রেসিডেন্ট পদে নিশ্চিতভাবে জয়লাভ না করা পর্যন্ত তিনি সেনাবাহিনী প্রধানের পদও ছাড়বেন না বরে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান মুসলিম লীগ (পিএলএম-এন)-এর একজন মুখপাত্র সিদ্দিক-উল-ফারুক বলেন, “মোশাররফ আপাদমস্তক একজন স্বৈরশাসক। আর সেজন্যই তিনি রাবার স্ট্যাম্প পার্লামেন্ট কিংবা মন্ত্রিসভার সাথে ক্ষমতা ভাগাভাগি করেননি।”
পাকিস্তান পিপলস পার্টির সাবেক প্রধানমন্ত্রী ফরহাতুল্লাহ বাবর বলেন, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের অযৌক্তিক কথা বলা বন্ধ করা উচিত। ছয়দলীয় ইসলামিক এমএমএ জোটের নেতা লিয়াকত বালুচ বলেন, “ওই বিবৃতি সংবিধান পরিপন্থী। কারণ পারভেজ মোশাররফের বর্তমান অবস্থান আইনগত ও সাংবিধানিকভাবে বিতর্কিত।”
জেনারেল মোশাররফ সামরিক ক্যুর মাধ্যমে ক্ষমতা দখলের দুবছর পর নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী শেখ রশীদ বলেন, পাকিস্তানে পরবর্তী নেতুত্বের জন্য প্রেসিডেন্ট মোশাররফের পুনরায় ক্ষমতা থাকা উচিত। তিনি বার্তা সংস্থা বলেন, “এ বিষয়ে কোন সন্দেহ নেই যে প্রেসিডেন্ট মোশাররফ ২০০৭ সালের পরও প্রসিডেন্ট হিসেবে প্রার্থী হবেন এবং ইনশাল্লাহ জয়লাভ করবেন।”
