জর্জিয়ায় বুশের মঞ্চের কাছে নিক্ষেপ করা গ্রেনেডটি তাজা ছিল
জর্জিয়ার তিবলিসে লাখ জনতার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত সপ্তাহে যখন ভাষণ দিচ্ছিলেন তখন মঞ্চের দিকে লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। কিন্ত তা বিস্ফোরিত হওয়ার আগেই জর্জিয়ার নিরাপত্তা বাহিনী তা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল বলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। জর্জিয়ার কর্মকর্তা এবং একজন এফবিআই এজেন্ট স্বীকার করেছেন যে, বোমাটি তাজা ছিল এবং তা বিস্ফোরিত হতে পারত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এফবিআই এজেন্ট ব্রায়ান পারমান বলেন, সোভিয়েত ইউনিয়ন সময়কার একটি সামরিক প্রশিক্ষণ গ্রেনেড ছিল এটি এবং একটি রঙ্গিন কাপড়ে মোড়ানো ছিল। তাজা গ্রেনেডটির বিস্ফোরণ ক্যাপে আঘাত হালকা হওয়ায় ডিভাইসের কার্যক্রম সক্রিয় হতে সময় নিচ্ছিল। মঞ্চের যে জায়গাটিতে প্রেসিডেন্ট বুশ বসা ছিলেন তা বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঘেরাও করা ছিল। তবে গ্রেনেডটি বিস্ফোরিত হলে জর্জিয়া এবং যুক্তরাষ্ট্র দু’দেশের প্রেসিডেন্টই স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতেন এবং জর্জিয়ার অনেক লোক হতাহত হওয়ার সম্ভাবনা ছিল।
ওয়াশিংটনে হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাককিলান বলেন, স্বরাষ্ট্র নিরাপত্তা পরিচালক এবং এফবিআই পরিচালক যৌথভাবে মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে প্রেসিডেন্ট বুশকে হামলার ঘটনা বিস্তারিতভাবে জানান।
জর্জিয়াতে ১০ মে বুশের জনসভায় গ্রেনেড হামলার তদন্তের কাজ এফবিআই জর্জিয়ার কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে করবে। জর্জিয়ান কর্তৃপক্ষ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কোন তথ্য, ভিডিও বা ছবি কারো কাছে থাকলে জর্জিয়ান কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে। এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের জন্য উজবেক সরকার ২০,০০০ লারিছ (১০,৯৭৮ আমেরিকান ডলার) পুরস্কার ঘোষণা করেছে।
গত ১২ জুন মার্কিন গোয়েন্দা সংস্থার মুখপাত্র জনাথন চেরি বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ সফলভাবে জর্জিয়া সফর শেষ করে যাওয়ার পর স্বাগতিক দেশের কর্তৃপক্ষ গ্রেনেড হামলার ঘটনাটি রিপোর্ট আকারে আমাদের নজরে আনেন। তারা জানান, তিবিলিসিতে প্রেসিডেন্ট বুশ বক্তব্য দেওয়ার সময় মঞ্চের ঠিক ৩০ মিটারের মধ্যে গ্রেনেড জাতীয় একটি ডিভাইস নিক্ষেপ করা হয়েছিল। ”
চেরি বলেন, ডিভাইসটি ভিড় করা শ্রোতাদের একজনের শরীরে আঘাত করে মাটিতে পড়ে যায়। অবিস্ফোরিত ডিভাইসটি একজন জর্জিয়ান নিরাপত্তা কর্মকর্তা দ্রুত কুড়িয়ে এলাকার বাইরে নিযে যান। গ্রেনেডটির সেফটি পিন খোলা ছিল।
