২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার কাছ থেকে ১ লাখ রাইফেল কিনছে ভেনিজুয়েলা

ভেনিজুয়েলা রাশিয়ার কাছ থেকে এক লাখ কালাশনিকভ রাইফেল কেনার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র এর ঘোর বিরোধিতা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মঙ্গলবার কারাকাসে ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জর্জ গার্সিয়া কারনিরো এবং রাশিয়ার স্টেট আমর্স এজেন্সী রোসোবোরোনেক্সপোর্ট’র আঞ্চলিক প্রধান সার্গেই লেডিগিনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মোট খরচ হবে পাঁচ কোটি ৪০ লাখ (৫৪ মিলিয়ন) ডলার। প্রথম দফায় অক্টোবরের মধ্যে ২৮ হাজার, দ্বিতীয় দফায় ডিসেম্বরে ৩৫ হাজার আর আগামী মার্চের মধ্যে বাকি অস্ত্রগুলো ভেনিজুয়েলায় এসে পৌঁছাবে।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এসব অস্ত্র বিভিন্ন দল, বিশেষ করে বামপন্থী কলম্বিয়ান বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে বলে মন্তব্য করেন। এতে সেখানকার পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে বলে তিনি মনে করেন। কিন্তু রাশিয়ার কর্মকর্তারা মার্কিন সমালোচনাকে উড়িয়ে দিয়ে চুক্তি অনুযায়ী একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কয়েক মাস আগে অস্ত্র কেনার পরিকল্পনার কথা ঘোষণা করেন। বাতিল হয়ে যাওয়া এফএএল রাইফেলের বিকল্প হিসেবে নতুন এসব অস্ত্র এক লাখ সামরিক সদস্যকে দেয়া হবে, যা আঞ্চলিক কোন হুমকির সৃষ্টি করবে না।

নিজেদের প্রতিরক্ষার জন্যই এগুলো কেনা হচ্ছে বলে মন্তব্য করেন গার্সিয়া কারনিরো।

উল্লেখ্য, রাইফেল প্রতি খরচ পড়ছে ৩৮৬ ডলার।

ভেনিজুয়েলা আগামী মার্চে ১২ কোটি (১২০ মিলিয়ন) ডলারে ১০ টি রাশিয়ান হেলিকপ্টার কেনার ব্যপারে একমত হয়েছে। তবে এগুলো কবে ভেনিজুয়েলায় এসে পৌঁছাবে তা এখনও নিশ্চিত নয়।

এমন এক সময়ে অস্ত্রগুলো কেনা হলো যখন ভেনিজুয়েলা ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে।

উল্লেখ্য, আমেরিকা এখনও পর্যন্ত ভেনিজুয়েলার এক নম্বর তেল গ্রাহক। ভেনিজুয়েলায় গনতন্ত্র প্রতিষ্ঠা এবং ফিদেল ক্যাস্ট্রোর সাথে শ্যাভেজের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিয়ে আমেরিকা বেশ উদ্বিগ্ন। শ্যাভেজ অবশ্য বরাবর আমেরিকার এ ধরণের হস্তক্ষেপ ও এ অঞ্চলের ভারসাম্যহীনতার ব্যপারে আমেরিকাকে দোষারোপ করে আসছে।