২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ইতালিয়ান মহিলা অপহৃত

আফগানিস্তানের পুলিশ রাজধানী কাবুলের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তল্লাশী জোরদার করেছে। একজন ইতালিয়ান মহিলা সাহায্যকর্মী কাবুলে অপহৃত হওয়ার পর সরকার নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

কর্মকর্তারা জানান,কয়েকজন অস্ত্রধারী ওই মহিলাকে জোরপূর্বক তার গাড়ি থেকে নামায় এবং অন্য গাড়িতে করে পালিয়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইতালিয়ান কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে একজন ইতালি মহিলা অপহৃত হয়েছেন এবং তিনি কেয়ার ইন্টারন্যাশনাল সাহায্য সংস্থায় কর্মরত ছিলেন। গত অক্টোবরে কাবুলে জাতিসংঘে কর্মরত তিন বিদেশি নাগরিক অপহৃত হয়েছিল। পরে তারা একমাস পর নিরাপদভাবে মুক্তি পান। আফগানিস্তানে ইরাকের মত অপহরণের ঘটনা নেই কিন্তু সশস্ত্র জঙ্গিদের দ্বারা বিদেশি নাগরিকদের অপহরণ বেশ আতংক সৃষ্টি করেছে।

আফগান কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা অপহৃত মহিলার গাড়ি গতিরোধ করে এবং অন্য একটি সাদা গাড়িতে করে তাকে নিয়ে দ্রুত সরে পড়ে।

কেয়ার ইন্টারন্যাশনাল-এর পরিচালক পল বার্কারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, “চার অস্ত্রধারী ব্যক্তি অপহৃতের গাড়ির জানালার কাছে আসে এবং তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায়। ”

বার্কার আরও বলেন, এসময় অস্ত্রধারী অপহরণকারীরা গাড়ির চালককে হত্যার হুমকি দেয়। পল বার্কার ওই মহিলার নাম বলতে অস্বীকার করলেও ইতালির পত্রপত্রিকা অপহৃতের নাম ক্লিমেনতিনা কেন্তোনি বলে নিশ্চিত করেছে। কাবুলে কেয়ার ইন্টারন্যাশনাল সবচে’ বড় একটি সাহায্যকারী প্রতিষ্ঠান। অপহরণের খবর দ্রুত ছড়িয়ে পড়লে কাবুল পুলিশ নিরাপত্তা চৌকিগুলোতে পুলিশী প্রহরা জোরদার করে।