কুয়েতি নারীদের পূর্ণ রাজনৈতিক অধিকার লাভ
কুয়েতি পার্লামেন্ট সেদেশের নারীদের পূর্ণ রাজনৈতিক অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করেছে। নির্বাচনী আইন সংশোধন করার ফলে কুয়েতি নারীরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং পার্লামেন্ট কিংবা স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নারীদের ভোটাধিকার বিলটি পার্লামেন্টে ৩৫-২৩ ভোটে পাস হয়। একজন ভোটদানে বিরত ছিলেন। স্পিকার ভোটের ফলাফল ঘোষণার সাথে সাথে পাবলিক গ্যালারিতে উপস্থিত সংশোধিত বিলটির সর্মথকরা উল্লাসে ফেটে পড়েন এবং বিপুল করতালির মাধ্যমে সংশোধিত নির্বাচনী আইনকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-আহম্মদ আল-সাবাহ বলেন, “রাজনৈতিক অধিকার অর্জিত হওয়ায় আমি কুয়েতি নারীদের অভিনন্দন জানাই।”
কুয়েতের আমীর শেখ জাবির আল-আহমদ আল-সাবাহ ১৯৯৯ সালে নারীদের পূর্ণ অধিকার দিয়ে একটি ডিক্রি জারি করেছিলেন। প্রায় ১০ ঘন্টা আলোচনার পর আইনটি পার্লামেন্টে সংশোধিত হয়।
পার্লামেন্টে অধিকাংশ উপজাতি এবং ইসলামি সংগঠনের সদস্যদের বাধার মুখে এতদিন বিলটি পাস করা সম্ভব হয়নি। তাদের যুক্তি ছিল, ইসলামি আইনে নারী নেতৃত্বকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সংশোধনী অনুযায়ী নারী ভোটার কিংবা প্রার্থীদের ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, ক্ষমতাসীন পরিবার কর্তৃক ডানপন্থী ইসলামীদের আশ্বস্ত করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে এর ফলে নারীদের নির্বাচনী প্রচার অভিযান নিয়ন্ত্রণ করা হতে পারে।
