অশান্ত উজবেকিস্তান: কোরাসভের নিয়ন্ত্রণ জনতার হাতে, সরকারের লোকজন বিতাড়িত
উজবেকিস্তানের পূর্ব সীমান্তবর্তী শহর কোরাসভের নিয়ন্ত্রণ এখন স্থানীয় জনগণের হাতে। তারা সেখানকার স্থানীয় সরকারের প্রতিনিধিদের উৎখাত করে শহরটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ক্রুদ্ধ জনতা সেখানকার মেয়রের ওপরও হামলা চালায়।
পার্শ্ববর্তী শহর আন্দিজানে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।
আন্দিজানের মতো সেখানেও উজবেক সরকার স্থানীয় বিদ্রোহ থামাতে পারবে বলে আশা করেছিল। আন্দিজানে মিছিলে কতজন অংশ নেয় তা জানা না গেলেও কমপক্ষে ৫০০ জন পার্শ্ববর্তী দেশ
কিরগিজস্তানে পালিয়ে যায়। বিট্রিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র বিবিসিকে বলেন, উজবেকিস্তানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
তিনি এ পরিস্থিতিকে ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করে বলেন, আশা করি উজবেক সরকার এ ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করবে। উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্র’র এ মন্তব্য অগ্রাহ্য করে বলে তিনি প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুই জানেন না।
এদিকে কোরাসভের বাসিন্দারা কিভাবে সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই শহরটি পরিচালনা করবে তা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে।
স্থানীয় জনগণের কিরগিজ সীমান্ত খুলে দেওয়ার দাবী মেয়র অস্বীকার করলে তার ওপর হামলা চালায়। ক্রুব্ধ জনতা সেখানকার মিলিশিয়া সদর দপ্তর, রোড পুলিশ এবং ট্যাক্স ইন্সপেক্টরের অফিসে আগুন লাগিয়ে দেয়।
