বিচারের অপেক্ষায় মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রীর দুই পুত্র
মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী জেনারেল খিন নিয়ন্তের দুই পুত্র এখন মায়ানমারের কুখ্যাত ইনসিন কারাগারে বিশেষ ট্রাইবুনালে বিচারের অপেক্ষায় দিন গুনছে।
পুত্রদ্বয়, লেফটেন্যান্ট কর্ণেল ঝ নাইং উ এবং ইয়ে নাইং উইন আর্থিক দুর্নীতি বৈদেশিক বানিজ্যের মাধ্যমে অবৈধ সম্পত্তি লাভ এবং আমদানি-রপ্তানী নীতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত হয়েছেন। তাদের বিচারকার্য আগামী বৃহঃস্পতিবার শুরু হবে।
খিন নিয়ন্তকে গত অক্টোবরে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। তিনি সে দেশের শক্তিশালী সামরিক গোয়েন্দাবাহিনীর প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল।
উল্লেখ্য, ইয়ে নাইং উইন একজন সফল ব্যবসায়ী। আধা-সরকারী ইন্টারনেট সার্ভিস ও অন্যান্য ব্যবসা রয়েছে তার। অন্যদিকে খিন নিয়ন্ত বর্তমানে গৃহবন্দী থাকলেও তার বিরুদ্ধে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
