মায়ানমারে বোমা হামলায় ১১ জন নিহত
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণে ১১জন নিহত এবং ১৬২ জন আহত হয়। কারেন ন্যাশনাল ইউনিয়ন ও শান স্টেট আর্মিসহ কয়েকটি জাতিগত বিদ্রোহী গ্রুপকে বোমা হামলার জন্য দায়ী করেছে সরকার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শনিবার বিকালে রাজধানীর পশ্চিমাংশে একটি প্রদর্শনী কেন্দ্রে এবং উত্তর-পশ্চিমাংশে দু’টি ব্যস্ত সুপার মার্কেটে ১০ মিনিটের ব্যবধানে এই বোমা হামলার ঘটনা ঘটে। এর ফলে ঘটনাস্থলে অবস্থিত বিভিন্ন স্থাপনায় মারাত্মক ক্ষতি হয়, বাণিজ্যিক ভবনের জানালার গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং চারপাশ হতাহতদের রক্তে ভেসে যায়।
নাম প্্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, কনভেনশন সেন্টারে একটি থাই বাণিজ্য মেলায় একজন বৌদ্ধ সন্যাসীসহ ৩ জন মারা যান এবং অনেকেই গুরুতর আহত হন। হতাহতদের অধিকাংশই মায়ানমারের নাগরিক। কয়েকজন থাই নাগরিকও তাদের মধ্যে রয়েছেন। বোমাতংকে হল থেকে দ্রুত বের হতে গিয়ে পদদলিত হয়ে অনেকেই আহত হন।
অপর বোমা হামলায় ১১ তলা বিশিষ্ট ড্রাগন বাণিজ্যিক ভবনের ব্যাপক ক্ষতি হয়। নিরাপত্তা বাহিনী প্রধান চারটি সড়ক ঘেরাও করে রাখে এবং আরও বিস্ফোরণের আশংকায় স্থানীয় বাসিন্দাদের ঘর হতে বের না হওয়ার পরামর্শ দেয়।
এদিকে মায়ানমার সরকার বলেছে, দেশের ভেতরে সক্রিয় সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো দেশের স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে নস্যাৎ করার জন্যই এ বোমা হামলা চালিয়েছে।
