২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানের রাজনৈতিক সংহিসতা ছড়িয়ে পড়ছে কিরগিজস্তানেও

হাজার হাজার উজবেক জনতা এখন কিরগিজস্তানের পথে। শনিবার সেখানকার সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়াসহ সীমান্ত রক্ষীদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে তারা কিরগিজস্তানে পালিয়ে যাচ্ছে। এর ফলে রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক মাত্রা পেতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

অভিযুক্ত ইসলামি উগ্রপন্থীদের কয়েদমুক্ত করার উদ্দেশ্যে এবং প্রেসিডেন্ট ইসলাম কারিমভের রূঢ় রাষ্ট্রানুশাসনের ফলে সৃষ্ট অর্থনৈতিক অবস্থার প্রতিবাদে সরকারি বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদের লড়াইয়ের দ্বিতীয় দিনে আতংকিত লোকজন পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছে তার সঠিক হিসাব এখনও পাওয়া না গেলেও সরকারি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ২০০ জনের বেশি নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আন্দিজান উজবেকিস্তানের চতুর্থ বৃহৎ শহর এবং দেশটির পূর্ব সীমানার ৩০ মাইলের মধ্যে অবস্থিত। জায়গাটির অবস্থা এমন যে, এর চারপাশে কিরগিজস্তানের অবস্থান। এবং এ অঞ্চল দিয়ে বিদ্রোহী জঙ্গিরা সহজেই একদেশ থেকে আরেক দেশে যেতে পারে। গত মার্চে কিরগিজস্তানে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হয় এবং সে দেশের রাষ্ট্রপতি ক্ষমতাচ্যুত হন। উজবেক রাষ্ট্রপতি কারিমভও তেমনই একজন ‘পোস্ট-সোভিয়েত লিডার’, ফলে অনুরূপ ঘটনা ঘটনার আশঙ্কা তিনিও করছেন।

গত শুক্রবার ২৩ জন আকরামিয়া ইসলামিক গ্রপের সদস্য প্রায় দু’ হাজারের বেশি বন্দীকে মুক্ত করতে আসলে উজবেকিস্তানে সহিংসতার সূত্রপাত হয়। নিষিদ্ধ ঘোষিত কট্টর ইসলামিক দল হিজব-উত-তাহরির’র সদস্য হওয়ায় ওইসব বন্দিদের জেলে পুরা হয়েছিল। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং মধ্য এশিয়া ও রাশিয়ায় নিষিদ্ধ কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেক প্রেসিডেন্ট কারিমভের সাথে টেলিফোনে বিরাজমান অবস্থা নিয়ে কথা বলেন। পুতিন মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্রেও বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।

মার্কিন মিত্র বলে পরিচিত কারিমভ ঘটনার জন্য ইসলামি উগ্রপন্থীদের দায়ী করে বলেন, সংঘর্ষে ১০ সৈন্য ও বহু বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। তবে কারিমভ এ কথা বলেন নি, কারা প্রথমে গুলিবর্ষণ করেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে সংঘর্ষে ৩০০ শ’রও বেশি লোক নিহত হয়েছে।

এদিকে উজবেকিস্তানে চলমান সহিংসতার ব্যাপারে দ্বৈত মত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। উজবেকিস্তানের মিত্র দেশ হলেও যুক্তরাষ্ট্র সে দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে। এ ব্যাপারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রিচার্ড বাউচার বলেন, ‘আমরা উজবেকিস্তানের মানবাধিকার বিষয়ে স্বচ্ছ ধারণা পোষণ করে আসলেও দুভার্গজনকভাবে বাস্তবতা ততটা সুখকর নয়।’

উল্লেখ্য, আফগান সীমান্তের ৯০ মাইল দূরে উজবেকিস্তানের কারশি-খানাবাদ অঞ্চলে মার্কিন ঘাঁটি রয়েছে। ১১ সেপ্টেম্বরের পর থেকে আন্দিজান থেকে ৪৩০ মাইল দক্ষিনপশ্চিমে অবস্থিত এ ঘাঁটিতে বিভিন্ন সময়ে সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে। দেশ দুটি ২০০২ সালের মার্চে ওয়াশিংটনে ডিক্লেরেশন অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সামরিক চুক্তিও স্বাক্ষর করে।