২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিনোশের নিপীড়নের তথ্য ফাঁস করলেন তারই সাবেক গোয়েন্দা প্রধান

চিলির গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান জেনারেল ম্যানুয়েল কন্ট্রিরাস সামরিক শাসক জেনারেল অগাস্তো পিনোশের আমলে ৫৮০ জন বন্দির ভাগ্যে কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রদান করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 03:38 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

তবে, এ ব্যাপারে চিলির মানবাধিকার সংস্থাগুলো যদ্দূর সম্ভব নীরব থাকার চেষ্টা করছে, ফলে ওই রিপোর্টে নতুন কোনও তথ্য আছে কি না সে ব্যাপারে কোনও ধারণা করা যাচ্ছে না।

চিলির রাজবন্দি ও নির্যাতন বিষয়ক জাতীয় কমিশন তাদের প্রতিবেদনে পিনোশের ১৭ বছরব্যাপী সামরিক শাসনকালে কতসংখ্যক লোককে বন্দি ও নির্যাতন করা হয়েছে তার ব্যাপারে এই প্রথম বিস্তারিত দাপ্তরিক বিবরণ পেশ করল।

ওই সময়ের ৩৫ হাজার কারাবন্দির সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

কন্ট্রিরাস ১৯৭৩ থেকে ১৯৯৩ পর্যন্ত চিলির গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে সরাসরি প্রেসিডেন্ট পিনোশের কাছে রিপোর্ট করতেন। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর পিনোশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দেকে উৎখাত করে ক্ষমতা দখল করেন।

দু’বার মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত কন্ট্রিরাস বলেছেন, সামরিক শাসন কালে সমাজতন্ত্রীদের ওপর দমন-নিপীড়ন চালানোর জন্য পিনোশেই দায়ী।

এ বছরের গোড়ার দিকে চিলির সুপ্রিম কোর্ট মানবাধিকার লঙ্ঘনের ব্যাপরে তদন্তের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিল গত সপ্তাহে তা বাতিল করে দেয়।

ধারনা করা হচ্ছে, পিনোশের আমলে মানবিকাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে দেড় শতাধিক মামলা রয়েছে, সেগুলোর বেশ ক’টিতে পিনোশেকে অভিযুক্ত করা হয়েছে। বিচারকরা সেগুলোর তদন্তের জন্য আরও বাড়তি সময় বরাদ্দ করবেন।