২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইরাকি সংবিধান, আনুষ্ঠানিক কাজ রোববার থেকে শুরু

মার্কিন আগ্রাসন-পরবর্তী ইরাক কিভাবে পরিচালিত হবে সে উদ্দেশ্যে নতুন সংবিধান প্রণীত হচ্ছে। যদিও সত্যিই তা অর্থবহ হবে কি না সে ব্যপারে সন্দেহ থেকেই যাচ্ছে। ৫৫ সাংসদের এক কমিটির ওপর এখন সে দেশের ভাগ্য নির্ভর করছে। কেননা, তারাই এ খসড়া সংবিধান প্রণয়নের কাজটি করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

কিন্তু কোনও সভা অনুষ্ঠিত হওয়ার আগেই সংবিধানের খসড়া তৈরি নিয়ে অভিযোগ উঠেছে। খসড়া সংবিধান প্রণয়নের জন্য নিধারিত তিন মাস সময়সীমা যথেষ্ট নয় বলে অনেকেই মন্তব্য করেছেন।

২০০৬ সালের মধ্যে ইরাকের সংবিধান ও সরকার ব্যবস্থা নির্ধারণ হয়ে যাওয়ার পর সে দেশের অবস্থা কেমন দাঁড়াতে পারে তা নিয়ে এরই মধ্যে তর্কে জড়িয়ে পড়েছেন ইরাকের রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ধর্মীয় নেতারা।

বর্তমানে ইরাকের সবচে’ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে রয়েছে ইসলামের ভূমিকা, সংখ্যালঘু সমস্যা- বিশেষ করে কুর্দী এবং সুন্নী সম্প্রদায়ের অধিকার। উল্লেখ্য, সাংবিধানিক কমিটিতে সুন্নী সম্প্রদায়ের মাত্র দু’জন সদস্য রয়েছে।

সংবিধান ট্রানজিশনাল এ্যাডমিনিষ্ট্রেটিভ ল’ (টাল) অনুযায়ীই করা হচ্ছে বলে সংসদে সংখ্যাগরিষ্ঠ শিয়া ব্লকের সদস্য শেখ হোমাম বাকের হামৌদি জানান। ইরাকে মার্কিন দখলদারির সময় ট্রানজিশনাল এ্যাডমিনিষ্ট্রেটিভ ল’ তৈরি করা হয়েছিল। টালের মাধ্যমে ইরাককে গণতান্ত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অন্যদিকে নিজেদের দলীয় দাবী মেটাতে ব্যস্ত কমিটির কুর্দী সদস্যরা, তারা সংসদে দ্বিতীয় বৃহৎ ব্লক। এক দশেকেরও বেশি সময় ধরে স্বশাসিত কুর্দিস্তান এখন তেল সমৃদ্ধ কিরকুকের সাথে একীভূত হতে চাচ্ছে।

চূড়ান্ত খসড়াটি যদি আগস্টের ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করা যায় এবং অক্টোবরের ১৫ তারিখের মধ্যে গণভোটের মাধ্যমে পাশ করা যায়, তাহলে ইরাকে এ বছরের শেষ দিকে নতুন করে নির্বাচন হতে পারে।