নতুন আইন না হলে মিশরের রাষ্ট্রপতি নির্বাচন বয়কট করবেন বিচারকরা
মিশরীয় বিচারকরা নতুন আইন প্রণয়ন না করা হলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করবেন।
কায়রোতে বিচারক সমিতির এক সভায় প্রায় দু’ হাজারের বেশি বিচারক এই দাবীর সাথে একমত হয়ে জানান, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ দাবীতে সোচ্চার বিচারকদের সবাই মিশরের বিচার বিভাগের নির্বাচিত সদস্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মিশরের বিচার বিভাগে সে দেশের সরকারের পূর্ণ নিয়ন্ত্রনাধীন। বিচারকরা এই বিভাগের পূর্ণ স্বাধীনতা চান। বিচার বিভাগকে সরকারের হস্তক্ষেপমুক্ত করার দাবী থেকেই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নেন তারা। মিশরের সংসদে এ সংক্রান্ত আইন পাসের দাবী জানান তারা।
দাবী অনুযায়ী ভোটার তালিকা তৈরি থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনের প্রতিটি প্রক্রিয়ায় অংশ নিতে চান বিচারকরা।
বিচারক সমিতির এ সভা আল-জাজিরা টেলিভিশনে প্রচারের কথা থাকলেও তাদের দাবী জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করতে পারে ভেবে মিশরীয় আইন রক্ষাকারী বিভাগ খবর সম্প্রচারে বাধা দেয় বলে আল-জাজিরা কর্তৃপক্ষ জানান।
