নেপালে জরুরী অবস্থা প্রত্যাহার
নেপালের রাজা জ্ঞানেন্দ্র জরুরী অবস্থা তুলে নিয়েছেন। গত ফেব্র“য়ারি মাসে তিনি ক্ষমতা দখল করেন এবং জরুরী অবস্থা জারি করেন।
শনিবার কাঠমান্ডুতে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জরুরী অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। শেষপর্যন্ত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকারে বাধ্য হলেন জ্ঞানেন্দ্র।
নেপাল সরকার মাওবাদী গেরিলাদের দমনে ব্যর্থ বলে অভিযোগ তুলে রাজা জ্ঞানেন্দ্র সরকার ভেঙ্গে দেন এবং দেশের নিয়ন্ত্রন গ্রহন করেন। তিনি নাগরিক অধিকারও খর্ব করেন। এ ঘটনায় নেপালে এবং বহির্বিশ্বে নিন্দার ঝড় ওঠে।
নেপালে শত শত রাজনীতিককে কারাবন্দি করা হয়। নিষিদ্ধ করা হয় প্রতিবাদ-বিক্ষোভ।
জ্ঞানেন্দ্র’র ক্ষমতা দখলের প্রতিবাদ জানিয়ে ভারত সামরিক সহায়তা প্রদান বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহান্তে এমন খবরও বেরোয় যে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নেপালের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা
করছেন।
জ্ঞানেন্দ্র ইন্দোনেশিয়া, চীন এবং সিঙ্গাপুর সফর শেষে দেশে ফেরার পর জরুরী অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয়া হলো।
৫৭ বছর বয়সী নেপালী রাজা বলেন, মাওবাদীদের তৎপরতার কারনে রাজতন্ত্র ‘বিরাট ঝুঁকি’র মুখে পড়ায় গনতন্ত্র রক্ষার স্বার্থেই সরকার ভেঙ্গে দিয়ে জরুরী অবস্থা জারি করতে হয়েছে।
