২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পারমাণবিক সঙ্কট সমাধানে ৬ জাতির সংলাপে যুক্তরাষ্ট্র আস্থাশীল

উত্তর কোরিয়ার পারমাণবিক সঙ্কট সমাধানে ৬ জাতির সংলাপ সবচেয়ে বেশী কার্যকর ভূমিকা রাখবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মনে করেন। সেদেশের নেতা কিম জঙ ইলকে পারমাণবিক অস্ত্র নিমার্ণের উচ্চাভিলাষী কার্যক্রম থেকে বিরত রাখতে বহুমুখী সংলাপ অব্যাহত রাখার উপর জোর দেন তিনি। অন্যান্য দেশ নিয়ে কূটনৈতিকভাবে এর সমাধান সহজ ও উত্তম হবে বলে তার ধারণা। 

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

যুক্তরাষ্ট্রের  সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারী ক্রিস্টোফার হিলও জাপান এবং চীনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ২৮ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফরে এসে পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে নিয়ে আসার ব্যাপারে জোর দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচী নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য এ অঞ্চলে এক ঝটিকা সফরে আসেন হিল। কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার মিত্র প্রতিবেশী চীন তিনবার আলোচনার আয়োজন করে। ছয় জাতির শেষ রাউন্ডের আলোচনা ২০০৪ সালের জুন মাসে অনুষ্ঠিত হয় এবং যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও রাশিয়া এতে অংশ নেয়।

জাপান জানায়, সবকিছু ধৈর্যের একটা সীমা আছে। এখন ব্যাপারটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করে সম্ভাব্য অবরোধের পদক্ষেপ নেয়া কিংবা উত্তর কোরিয়াকে বাদ দিয়েই পাঁচটি দেশ আলোচনায় বসতে পারে বলে জাপানী এক কর্মকর্তা বলেন।

বুশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা চলছে। ওয়াশিংটন চাচ্ছে, জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক উত্তর কোরিয়ায় যাতায়াতকারী জাহাজে পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট কোনও মালামাল আছে কিনা তা পরীক্ষা করার জন্য রাষ্ট্রসমূহকে ক্ষমতা দেওয়া হোক।

পত্রপত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক কিছু প্রতিবেদনের ভিত্তিতে হিল বলেন, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে সক্ষম। আর সে কারণেই খুব দ্রুত এ সমস্যার সমাধান বের করতে হবে।