২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন, মেয়র সুব্রতের নতুন দল

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন ও আগামী বছর বিধান সভার নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যার্নাজীর তৃণমূল কংগ্রেসে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 02:28 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মেয়র সুব্রত মুখার্জীর নেতৃত্বে ১০ জন এমএলএ এবং ১১ জন কর্পোরেশন সদস্য তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে “কলকাতা উন্নয়ন মঞ্চ” নামে নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন। ১৯ জুন কলকাতা মিউনিসিপাল নির্বাচনে বামফ্রন্টকে মোকাবিলার জন্য কংগ্রেসকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের লক্ষ্যেই মূলত এই বিভক্তি।

কংগ্রেস এবং সমমনা অন্যান্য দল যেমন, সমাজবাদী পার্টি, এনসিপি, জেডি(ইউ) এবং গণতান্ত্রিক সমাজবাদী দল-এর সাথে জোট গঠনের যৌক্তিকতা ব্যাখা করে সুব্রত বলেন, পশ্চিমবঙ্গের শাসকদল বামফ্রন্টকে পরাজিত করতে হলে তৃণমূল এবং বিজেপির ভোট যথেষ্ট নয়।

তৃণমূলের ৫৯ জন এমএলএ-এর মধ্যে ১০ জন এবং ৫৫ জন কাউন্সিলারের মধ্যে ১১ জন সুব্রতের সাথে যোগ দিয়েছেন। দল ভাঙ্গার আগে তৃণমূলের সাথে কংগ্রেসের জোট বাঁধার প্রস্তাব দিয়েছিল সুব্রত। মমতা ব্যানার্জী তা নাকচ করে দিয়ে বলেছিলেন, কেন্দ্র সিপিআই(এম)-এর সহায়তায় কংগ্রেস সরকার গঠন করেছে। তাই পশ্চিমবঙ্গ কংগ্রেস কখনই সিপিআই(এম) কে মিউনিসিপাল নির্বাচনে চটাতে যাবে না। গত বিধান সভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধেছিল তৃণমূল। কিন্ত তারা পিছন থেকে ছুরিকাঘাত করেছিল বলে অভিযোগ করেছেন মমতা।

মমতা ব্যানার্জী ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন।