২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত

মধ্য শ্রীলংকার একটি লেবেল ক্রসিং-এ বুধবার সকাল সাড়ে আটটায় আটকে পড়া যাত্রীবাহী এক বাসকে একটি ট্রেন চাপা দিলে ঘটনাস্থলেই কমপক্ষে ৫০ জন মারা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এ ঘটনায় ৪০ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার ফলে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করতে বিলম্ব ঘটে। তবে যাত্রীবাহী ট্রেনের কেউ দুর্ঘটনায় হতাহত হয়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীবাহী বাসটি রেলের ক্রসিং-এ আটকা পড়েছিলো এবং ট্রেন আসার আগেই বাসটি রেলক্রসিং পার হতে পারেনি। উত্তর-পূর্ব কলম্বোর ৮০ কিলোমিটার দূরে রাজধানী শহর ও কেন্ডি শহরের মাঝামাঝি স্থান পোলগাহাওয়েলা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। কিন্তু প্রাথমিকভাবে বাস চালকের সিগন্যাল সম্পর্কে অজ্ঞতা ও রেলক্রসিং থেকে দেরিতে পার হওয়ার কারণকে দায়ী করা হচ্ছে।

বার্তা সংস্থা জানায়, শ্রীলংকায় বাস কোম্পানিগুলোকে বেসরকারিকরণ করা হচ্ছে এবং একের পর এক বাস সার্ভিস বন্ধ করে দেয়া হচ্ছে। বাস দুর্ঘটনা বেসরকাকিরণের একটি প্রধান কারণ। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বাসে ৯৯ জন যাত্রী ছিলো। অশোকা রতœবীরা নামের একজন পুলিশ কর্মকর্তা বলেন, “বাস চালকের অবহেলার কারণেই বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে।” শ্রীলংকার পরিবহণমন্ত্রী ফেলিক্স পেরারা স্থানীয় এক টেলিভিশনকে জানিয়েছেন, “আমরা এখন আহত লোকদের বাঁচানোর ওপরই জোর দিচ্ছি।”

তিনি বলেন, “আমরা এখন কি করব কিংবা ট্রেন কর্তৃপক্ষের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব সেটা বড় কথা নয়-তারচে’ দুর্ঘটনায় আহত লোকদের বাঁচানোই আমাদের প্রধান দায়িত্ব।” আহতদেরকে শহরের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের ভেতর থেকে নিহতদের লাশ উদ্ধারের কাজ চলছে।